ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে পুলিশের নির্যাতনের ঘটনা গঠিত তদন্ত কমিটির প্রতি অনাস্থা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা একই সঙ্গে কাদেরের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘নির্যাতনবিরোধী ছাত্রছাত্রীবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।কাদেরের ঘটনার তদন্তে পুলিশের একটি কমিটি ও এক যুগ্ম সচিবের নেতৃত্বে আইন মন্ত্রণালয় আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে।পুলিশ ও সরকারি আমলাদের দিয়ে গঠিত তদন্ত কমিটি কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করবে, এ নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘নির্যাতনবিরোধী ছাত্রছাত্রীবৃন্দ’-এর আহ্বায়ক মোস্তফা মাহবুব। তিনি বলেন, ‘খোদ ওসি ও তাঁর দুই সহযোগী এসআই থানার মধ্যে চাপাতি দিয়ে কাদেরের পায়ে কুপিয়েছেন। নিজেদের অপকর্ম ঢাকতে মিথ্যা মামলা করেছেন। ঘুষ-দুর্নীতিতে প্রবলভাবে আক্রান্ত এ পুলিশ বাহিনীর তদন্তের প্রতি তাই কোনো আস্থা নেই।’ তিনি বলেন, এ ধরনের ঘটনা তদন্তে আইনবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষক, সাংবাদিক, মনোবিজ্ঞানী, ছাত্র, পুলিশ ও মানবাধিকার কর্মী সমন্বয়ে ‘জাতীয় তদন্ত কমিটি’ গঠন করা যেতে পারে।সংবাদ সম্মেলনে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীনসহ জড়িত পুলিশ সদস্যদের চাকরিচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তি ও পুলিশের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুবকর হত্যার শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।এসব দাবি আদায়ে শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে ৬ আগস্ট থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান, ৭ আগস্ট প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সামনে মানববন্ধন, ৯ আগস্ট অপরাজেয় বাংলায় ছাত্র-শিক্ষক-অভিভাবক-পেশাজীবী প্রতিবাদ সমাবেশ এবং ১২ আগস্ট আর সি মজুমদার মিলনায়তনে মতবিনিময় সভা।