তদন্ত কমিটির প্রতিবেদন খুঁজছে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদনের ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে এ অনুসন্ধান শুরু হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ফাইল গায়েবকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। আওয়ামী লীগের নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন গায়েব হওয়া নিয়ে গতকাল প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সরকারের উচ্চপর্যায়ে থেকে সিআইডিকে গায়েব হওয়া ফাইল অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। সিআইডির কর্মকর্তারা জানান, ফাইল গায়েবের ঘটনায় তাঁরা সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক এবং তদন্ত কমিটির প্রধান এ কে এম মাহফুজুল হককে জিজ্ঞাসাবাদ করবেন। তাঁদের একজন ফাইল জমা দিয়েছিলেন, আরেকজন গ্রহণ করেছিলেন।গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার হত্যাকারীদের বাঁচাতে চারদলীয় জোট সরকারের মদদে যারা তদন্তের ফাইল গায়েব করেছে, তাদের খুঁজে বের করে সরকার কঠোর শাস্তি দেবে। গতকাল সকালে রাজধানীর খিলক্ষেতে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।