চট্টগ্রাম নগরের বাকলিয়ার দেওয়ান বাজার এলাকার ‘মাদ্রাসা’ ভবনে বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী বুধবার বৈঠক করবে। বৈঠকে বিস্ফোরণের সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা হবে। কমিটির সদস্যরা কবে ঘটনাস্থল পরিদর্শন করবেন তা-ও এই বৈঠকে ঠিক করা হবে। বৈঠকের বিষয়টি গতকাল রোববার কমিটির সদস্যদের জানানো হয়েছে।
আট সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রশিদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা ১ ফেব্রুয়ারি বৈঠক ডেকেছি। সেখানে বিস্তারিত আলোচনা করব।’
গত শুক্রবার ভোরে মাদ্রাসা ভবনের তৃতীয় তলায় আবদুল মোতালেবের ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনায় তাঁর মা ছমুদা খাতুন ও মেয়ে তনিমা আফরিন মারা যান। গুরুতর দগ্ধ হন ছেলে আরিফুল ইসলাম।
‘শেখ হাসিনা পানি শোধনাগার’ উদ্বোধন ফেব্রুয়ারিতে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম ওয়াসার ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় এই শোধনাগার নির্মাণ করা হয়েছে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উদ্বোধনী অনুষ্ঠানের স্থান ও সময় এখনো নির্ধারণ করা হয়নি।
গতকাল রোববার সকালে পানি শোধনাগার পরিদর্শন শেষে রাঙ্গুনিয়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ হাছান মাহমুদ, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, রাউজান উপজেলার চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী প্রমুখ। সভায় পানি শোধনাগার প্রকল্প নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
পানি শোধনাগার প্রকল্পের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নিজের নামে কোনো কিছু হোক তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান না। এ ক্ষেত্রে তিনি ঘোরতরভাবে আপত্তি দেন। চট্টগ্রামের সিটি মেয়রসহ অন্যরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, “একটি জীবন রক্ষাকারী উপাদানের প্রকল্পের সঙ্গে আপনার নাম যাচ্ছে। এটিতে আপনি সম্মতি দেন।” এমন অনুরোধের পর তিনি নামকরণের ব্যাপারে রাজি হয়েছেন। ইতিমধ্যে নামকরণের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’
জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার সহযোগিতায় ১ হাজার ৮৪৮ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে এই শোধনাগারের কাজ শেষ করেছে চট্টগ্রাম ওয়াসা। এর ফলে দিনে ১৪ কোটি লিটার বেশি পানি পাচ্ছে সংস্থাটি। এত দিন চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদনের ক্ষমতা ছিল সর্বোচ্চ ১৮ কোটি লিটার। প্রকল্পের পানি যোগ হওয়ায় এখন চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদনের ক্ষমতা সর্বোচ্চ ৩২ কোটি লিটারে পৌঁছেছে। ১ নভেম্বর থেকে নতুন প্রকল্পের পানি পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু করেছে। ওয়াসার তথ্য অনুযায়ী, নগরে পানির দৈনিক চাহিদা ৫০ কোটি লিটারের বেশি।
চট্টগ্রাম নগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ার পোমরায় কর্ণফুলী নদীর তীরে সাড়ে ৩৫ একর জমির ওপর পানি শোধনাগারটি নির্মাণ করা হয়েছে। ১৯ জানুয়ারি ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। গতকালের সভায় শোধনাগার প্রকল্পের ল্যাবরেটরির দায়িত্ব পালন করা কর্মকর্তাদের কাজে কোনো ধরনের গাফিলতি না করার নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, ‘কোনো প্রকার জীবাণুমিশ্রিত পানি যাতে সরবরাহ করা না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। এ রকম হলে চট্টগ্রামের নগরের প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।’
প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করার জন্য জন্য রাঙ্গুনিয়াবাসীকে ধন্যবাদ জানান মন্ত্রী। তিনি বলেন, রাঙ্গুনিয়াতে কখনো নগরসুবিধা গড়ে উঠলে তখন এ প্রকল্প থেকে পানি সরবরাহ করা হবে।
চারুকলা ইনস্টিটিউটে ভাস্কর্য প্রদর্শনী শুরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকৃতির নানা উপাদানের মধ্য আমরা জীবনকে খুঁজি। ভাস্কর্য গড়তে গিয়ে যেন জীবনের মানে খুঁজে পান ভাস্কররা। জীবন অন্বেষণকেই খোলা সবুজ চত্বরে ছড়িয়ে দিয়েছেন ভাস্কররা। আন্তর্জাতিক ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
গতকাল রোববার দুপুরে নগরের বাদশা মিয়া সড়কে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশীদ চৌধুরী আর্ট গ্যালারি ও চট্টগ্রাম অালিয়ঁস ফ্রঁসেজে সাত দিনব্যাপী ভাস্কর্য প্রদর্শনীর শুরু হয়। প্রদর্শনীতে দেশের ৪৭ জন ভাস্করের ৪৭টি ভাস্কর্য প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীর প্রতিপাদ্য ‘আর্ট ইন পাবলিক স্পেসেস’। জার্মানির স্কাল্পপচার নেটওয়ার্কের উদ্যোগে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এই প্রদর্শনী হচ্ছে। বাংলাদেশ, ভারত, জার্মানিসহ বিশ্বের ২১টি দেশের ৭০টি ভেন্যুতে এই প্রদর্শনী একসঙ্গে শুরু হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক ও বাংলাদেশে অনুষ্ঠিত এই প্রদর্শনীর তত্ত্বাবধায়ক অলোক রায়। প্রদর্শনীর সমন্বয়ক প্রণব মিত্র চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী, ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিন, অধ্যাপক ফয়জুল আজিম প্রমুখ।
প্রণব মিত্র চৌধুরী প্রথম আলোকে বলেন, পুরো বিশ্বের ভাস্করদের চিন্তা ও শিল্পকর্মকে জানানো এই প্রদর্শনীর উদ্দেশ্য। এই প্রদর্শনী বিশ্বের অন্যান্য দেশের ভাস্করদের শিল্পকর্ম সম্পর্কে দেশের ভাস্করদের জানতে সহায়তা করবে। সৌন্দর্যপ্রেমী ও ভাস্কর্যের মাধ্যমে জীবনকে জানার এক অপূর্ব সুযোগও এই প্রদর্শনী।
উদ্বোধনের পর দর্শনার্থীরা শিল্পকর্মগুলো ঘুরে দেখেন। প্রদর্শনীতে সাদা ধোঁয়া, বীজযন্ত্র, মাতৃকাল, ভালো দিনের অপেক্ষা, একতা, স্বপ্ন, অসম্পূর্ণ মানব—এ রকম বিভিন্ন নামের বৈচিত্র্যপূর্ণ ভাস্কর্য স্থান পেয়েছে।
জেলা পরিষদকে গ্রামীণ উন্নয়নের কেন্দ্রবিন্দু বানাতে চান সালাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জেলা পরিষদকে গ্রামীণ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান চেয়ারম্যান এম এ সালাম। চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত এই চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ করার পাশাপাশি তৃণমূলের মানুষের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি। গতকাল রোববার দুপুরে নগরের জামালখানে চিটাগাং সিনিয়র ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক রঞ্জন অধিকারী। এ সময় জেলা পরিষদের নির্বাচিত ১৯ জন সদস্য উপস্থিত ছিলেন।
এম এ সালাম বলেন, গত পাঁচ বছর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সবার মতামত ও পরামর্শ নিয়েছেন। স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে উন্নয়নসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করার স্বার্থে আগামী দিনেও একই ধারাবাহিকতা বজায় রাখবেন। জেলা পরিষদের বিভিন্ন কাজের টেন্ডারসহ উন্নয়ন কর্মকাণ্ডে কাউকে কোনো অনিয়ম করতে দেওয়া হবে না বলে জানান তিনি।
চট্টগ্রামে ভবনে বিস্ফোরণ
তদন্ত কমিটিরবৈঠক বুধবার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের বাকলিয়ার দেওয়ান বাজার এলাকার ‘মাদ্রাসা’ ভবনে বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী বুধবার বৈঠক করবে। বৈঠকে বিস্ফোরণের সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা হবে। কমিটির সদস্যরা কবে ঘটনাস্থল পরিদর্শন করবেন তা-ও এই বৈঠকে ঠিক করা হবে। বৈঠকের বিষয়টি গতকাল রোববার কমিটির সদস্যদের জানানো হয়েছে।
আট সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রশিদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা ১ ফেব্রুয়ারি বৈঠক ডেকেছি। সেখানে বিস্তারিত আলোচনা করব।’
গত শুক্রবার ভোরে মাদ্রাসা ভবনের তৃতীয় তলায় আবদুল মোতালেবের ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনায় তাঁর মা ছমুদা খাতুন ও মেয়ে তনিমা আফরিন মারা যান। গুরুতর দগ্ধ হন ছেলে আরিফুল ইসলাম।