তদন্ত কমিটির মুখোমুখি শামীম ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামীম ওসমান
শামীম ওসমান

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নারায়ণগঞ্জের সরকারদলীয় সাংসদ শামীম ওসমানের বক্তব্য নিচ্ছে হাইকোর্টের নির্দেশে গঠিত প্রশাসনিক তদন্ত কমিটি।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লার কক্ষে এ বক্তব্য নেওয়া শুরু হয়। এর আগে তিনি কালো মাইক্রোতে করে সচিবালয়ে ঢুকেন।
গতকাল সোমবার এ ঘটনায় কমিটির কাছে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভী। তিনি বলেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনসহ বিভিন্ন হত্যাকাণ্ডের পেছনে প্রত্যক্ষ হোক আর পরোক্ষভাবে হোক, এখানকার গডফাদাররা জড়িত। সাত খুনের ঘটনায় র‌্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের গাফিলতিও ছিল।
গডফাদার কারা—সাংবাদিকেরা জানতে চাইলে আইভী বলেন, নারায়ণগঞ্জের গডফাদার কারা, সেটা শুধু নারায়ণগঞ্জবাসী নয়, সারা বাংলাদেশ জানে। সাত খুনের ঘটনার নেপথ্যে কারা, তা জানার জন্য ভারতে আটক এ মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনা উচিত বলে মনে করেন তিনি।
এর আগে গত ১৭ জুলাই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
ওই দিন সাংবাদিকেরা তদন্ত কমিটির প্রধানের কাছে জানতে চেয়েছিলেন এ ঘটনায় নারায়ণগঞ্জের সরকারি দলের সাংসদ শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না। জবাবে তিনি বলেছিলেন, এ বিষয়ে সময়মতো জানতে পারবেন। এ পর্যন্ত প্রায় সাড়ে তিন শ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে কমিটি।

গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন। এরপর ৩০ এপ্রিল ছয়জনের এবং ১ মে আরেকজনের লাশ ভেসে ওঠে শীতলক্ষ্যায়। এ ঘটনায় হাইকোর্টের নির্দেশে ৭ মে শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন, আরেক কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে ছয় কোটি টাকা নিয়ে ওই সাতজনকে তুলে নিয়ে হত্যা করেছে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর (অব.) আরিফুর রহমান ও লে. কমান্ডার এম এম রানাকে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করা হয়। তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা কারাগারে রয়েছেন। নূর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছেন।