ফেসবুকে শিক্ষকদের সমালোচনা করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০ জন শিক্ষার্থী তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই শিক্ষার্থীদের এর আগে তদন্ত কমিটি নোটিশ দিয়েছিল। নোটিশের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে তাঁরা তদন্ত কমিটির সামনে হাজির হন। একই সঙ্গে এ ঘটনায় দুটি ব্যাচের চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
বিভাগ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি। শিক্ষার্থীরা জানান, বিভাগের শিক্ষার্থীরা প্রায় দেড় বছর ধরে বিজিইয়ান্স ডেমোক্র্যাট নামের একটি ফেসবুক গ্রুপ চালান। সম্প্রতি সেখানে তাদের অনেকেই শিক্ষকদের সমালোচনা করে ট্রল পোস্ট করেন। শিক্ষকেরা ক্লাস রুটিনের নির্ধারিত সময়ের দেড়/দুই ঘণ্টা পর ক্লাসে আসেন, ইন্টারনেট থেকে স্লাইড ডাউনলোড করে ক্লাসে পড়ান, যা শিক্ষকেরা পারেন না তা বাদ দেন- এসব বিষয় সেখানে কেউ কেউ লেখেন। বিষয়টি বিভাগের শিক্ষকদের নজরে এলে তাঁরা এই তদন্ত কমিটি গঠন করেন। যারা ওই সব পোস্টে লাইক, কমেন্ট করেছে তাদেরও ডেকে পাঠিয়েছে কমিটি। বিভিন্ন ব্যাচের সব মিলিয়ে প্রায় ৮০-৮২ জনকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরও জানান, এর আগে গত ৩১ জুলাই শিক্ষকেরা শিক্ষার্থীদের নিয়ে অনানুষ্ঠানিকভাবে এ বিষয়টি নিয়ে বসেন। তখন কয়েকজন শিক্ষার্থী শিক্ষকদের পা ধরে ক্ষমা চান। এদিকে, বিভাগ এভাবে তদন্ত কমিটি করে শিক্ষার্থীদের ডেকে পাঠাতে পারে না বলে মন্তব্য করেছেন অনেক শিক্ষক। যাদের ‘সমালোচনা’ করা হয়েছে তাঁরা নিজেরাই কোনো তদন্ত কমিটি গঠন করতে পারেন না। বরং অভিযোগ করতে পারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীরা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব লেখেননি। নিজেদের মধ্যেই বিভাগীয় এসব সমস্যা নিয়ে আলোচনা হতো। শিক্ষকেরা দুঃখ পেলে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
তদন্ত কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল বলেন, বিষয়টি নিয়ে একাডেমিক কমিটির সভায় আলোচনা হয়েছে। তারপর শিক্ষার্থীদের ডাকা হয়েছে। তাঁরা ভুলত্রুটি করলে সেটা শুধরে দেওয়ার দায়িত্বও তো আমাদের।
এ বিষয়ে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, এখানে বাদী শিক্ষকেরা। তাঁরা নিজেরাই তদন্ত কমিটি গঠন করতে পারেন না। বরং তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন।
বিভাগের সভাপতি মো. শরিফ হোসেন বলেন, ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে ট্রল বানানো হয়েছে। এতে শিক্ষকেরা মর্মাহত হয়েছেন। তাই প্রাথমিকভাবে সত্যাসত্য অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হয়েছে। এর ভিত্তিতে আমরা করণীয় নির্ধারণ করব। তবে আমরা চাইনি ছোট বিষয়টি বিভাগের বাইরে যাক।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে বিভাগের ৪২তম এবং ৪৩তম ব্যাচের আজ বৃহস্পতিবার ও আগামী ৭ আগস্টের দুটি চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।