তদন্ত কমিটির মেয়াদ আট কর্মদিবস বাড়ানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে চাকমা রাজা দেবাশীষ রায়ের বাড়ি পুড়ে যাওয়ার ঘটনা তদন্তে গঠিত কমিটির মেয়াদ আরও আট কর্মদিবস বাড়ানো হয়েছে। কমিটির সদস্যরা গতকাল সোমবার রাজা দেবাশীষ রায়ের সঙ্গে প্রথম কথা বলেছেন। আগুনের ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে বলে জানা গেছে।গত বুধবার সন্ধ্যায় চাকমা রাজা দেবাশীষ রায়ের বাড়ি আগুনে পুড়ে যায়। এ নিয়ে মানুষের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ওই রাতেই জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. নুরুল আলম চৌধুরীর নেতৃত্বে আট সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটির তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।কমিটির সদস্যরা এ পর্যন্ত মোট আটজনের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন কমিটির প্রধান এডিএম মো. নুরুল আলম চৌধুরী। রাজা দেবাশীষ রায় বলেন, বাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতির পরিমাণ অর্থমূল্যের চেয়ে ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য বেশি। তবে বেশকিছু মূল্যবান দলিল-দস্তাবেজ আগুনের শিখা থেকে বেঁচে গেছে। কী কী ক্ষতি হয়েছে, সেগুলোর তালিকা তৈরির কাজ চলছে।