তদন্ত কমিটির সামনে বক্তব্য দিলেন শিশুটির বাবা ও স্বজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষের গঠন করা তদন্ত কমিটির সামনে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন বাঁ হাত হারানো শিশুটির বাবা এবং এক স্বজন। লিখিত বক্তব্যে তাঁরা তিন চিকিৎসক ও একজন নার্সের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ করেছেন।
গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তরের একটি কক্ষে তদন্ত কমিটির সামনে হাজির হন বাঁ হাত ও পা হারানো শিশু ওয়াহেদার বাবা মোজাহের আহমদ এবং আত্মীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ম কাজী মুহাম্মদ হারুন-উর-রশীদ। লিখিত বক্তব্যে তাঁরা হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হোছাইন, চিকিৎসক রাজীব বড়ুয়া, মো. মামুন এবং নার্স নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ তোলেন।
কাজী মুহাম্মদ হারুন-উর-রশীদ প্রথম আলোকে বলেন, ‘আমরা দুজন প্রায় অভিন্ন বক্তব্য লিখিত আকারে ও মৌখিকভাবে কমিটির প্রধানের কাছে দিয়েছি। আমরা কয়েকজন চিকিৎসক এবং একজন নার্সের বিরুদ্ধে অভিযোগ করে বলেছি, তাদের ভুলের কারণে ওয়াহেদার বাঁ হাত কেটে ফেলতে হয়েছে।’
ওয়াহেদা এখন হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছে। ভুল চিকিৎসার অভিযোগ এনে গত ২১ সেপ্টেম্বর শিশু ওয়াহেদার বাবা হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। পরদিন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথমে তদন্ত কমিটির প্রধান করা হয় সার্জারি বিভাগের অধ্যাপক ওমর ফারুক ইউসুফকে। তিনি অপারগতা প্রকাশ করলে ২৩ সেপ্টেম্বর সার্জারি বিভাগের অধ্যাপক এস এম আশরাফ আলীকে ওই দায়িত্ব দেওয়া হয়।
তদন্ত কমিটির সামনে শিশুটির বাবা ও স্বজনের বক্তব্য দেওয়ার বিষয়ে জানতে গতকাল অধ্যাপক এস এম আশরাফ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম না প্রকাশের শর্তে তদন্ত কমিটির অপর এক সদস্য রোগীর অভিভাবক ও চিকিৎসকদের সাক্ষ্য নেওয়ার কথা স্বীকার করেছেন।
লিখিত বক্তব্যে শিশুটির বাবা বলেন, শিশু ওয়াহেদা ২৪ আগস্ট বাঁশখালীর চানপুর এলাকায় বাড়ির কাছে সড়ক দুর্ঘটনায় বাঁ পায়ে আঘাত পায়। ওই দিনই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার বাঁ পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হয়। এরপর ইনজেকশন দেওয়ার জন্য বাঁ হাতে ক্যানোলা বসানো হয়। কিন্তু ক্যানোলাটি শিরায় না দিয়ে দেওয়া হয় মাংসপেশিতে। ফলে হাতটিতে পচন ধরে। পরে ১৭ সেপ্টেম্বর বাঁ হাতটিও কেটে ফেলা হয়। বাঁ হাতে কোনো আঘাত না থাকা সত্ত্বেও চিকিৎসকের ভুলে সেটি কেটে ফেলতে হয় বলে অভিযোগ করেন ওয়াহেদার বাবা ও আত্মীয়টি।
এ বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক মোহাম্মদ হোছাইন প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কমিটি রোগীর লোকজনকে ডেকেছে। তাঁরা তাঁদের বক্তব্য দিয়েছেন। আমাদের ডাকলে আমরাও বক্তব্য দেব।’