সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কার ঘটনার তদন্তে কমিশন গঠনের দাবি করেছেন জাতীয় সংসদের কয়েকজন মন্ত্রী-সাংসদ। গতকাল রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তাঁরা এ দাবি তোলেন। তাঁদের কেউ কেউ ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিচার দাবি করেন। এ সময় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সংসদ পরিচালনা করছিলেন।
এর আগে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক-এগারোর ঘটনায় দোষী ব্যক্তিদের বিচার দাবি করে বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগের সাংসদেরা।
গতকাল ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘এক-এগারোর সময় প্রকাশিত সংবাদের বিষয়ে ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের স্বীকারোক্তি ও এর পরবর্তী বিষয় নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে। কিন্তু তারা ১৯৭১ সালে পাকিস্তানের গণহত্যার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। মাহ্ফুজ আনামের স্বীকারোক্তির মধ্য দিয়ে এক-এগারোর শাসনে রাজনীতিবিদদের ওপর কী ধরনের অপপ্রচার চালানো হয়েছিল, তা বেরিয়ে এসেছে। আমি বলব, কেবলমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নয়, এক-এগারোর সমস্ত ঘটনা বোঝার জন্য তদন্ত কমিশন গঠন করতে হবে। একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে একটি তদন্ত কমিশন গঠন করা হোক। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই ব্যবস্থা নিতে হবে।’
এক-এগারো-পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের কথা উল্লেখ করে মেনন বলেন, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে ওই ঘটনার তদন্ত করেছিলেন তিনি। এক-এগারোর কুশীলবদের এতে সম্পৃক্ততা পেয়েছিলেন। সুপারিশও জমা দিয়েছিলেন। কিন্তু সেই সুপারিশ প্রকাশিত হয়নি। হিমঘরে চলে গেছে। আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ ছিল। সেটাও বাস্তবায়ন করা হয়নি।
বর্তমানে দেশে মত প্রকাশের স্বাধীনতা আছে দাবি করে রাশেদ খান মেনন বলেন, পত্রপত্রিকা ও টক শো দেখলেই বোঝা যায় দেশে মত প্রকাশের স্বাধীনতা আছে। এরপরও কেউ ভয়ে সেল্ফ সেনসরশিপ করলে এর দায় তাঁদের নিজেদেরই নিতে হবে।
ইউপি নির্বাচন সুষ্ঠু করার দাবি জানিয়ে মেনন বলেন, ‘ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে। আমার দলের লোকদেরও বাধা দেওয়া হয়েছে। এটা আমি জানি। এই নির্বাচন যদি যথাযথভাবে পরিচালিত না হয়, তাহলে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়বে। নির্বাচন কমিশন শক্তিশালী। কিন্তু তারা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারছে না। পৌরসভার ভোটেও আগের রাতে বাক্স ভরে রাখা, জাল ভোট প্রদান এবং কেন্দ্র দখলের অভিযোগ উঠেছিল। ইউপি নির্বাচনে এই অবস্থা হলে গোটা নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষ আস্থা হারাবে। তখন কোনো নির্বাচনই মানুষ আর বিশ্বাস করবে না।’
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক-এগারোর ঘটনার তদন্তে কমিশন গঠনের দাবি জানিয়ে বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছিলাম। এক-এগারোর নামে গ্রেপ্তার করা হলো। এরা কারা? এরা কোথা থেকে এসেছে? তারা কী করে? আমার দাবি হলো একটি কমিশন গঠন করতে হবে। কারা কী করেছিল সেই রহস্য উন্মোচন হওয়া উচিত। মুখোশ উন্মোচন হওয়া উচিত। কীভাবে নির্যাতন করা হয়েছে, কীভাবে চাপ সৃষ্টি করা হয়েছে, সেটা বের উচিত। যাতে ভবিষ্যতে আর এক-এগারো না আসতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।’
ডেইলি স্টার সম্পাদকের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘মাহ্ফুজ আনাম একজন সাংবাদিক। রাজনীতিবিদেরা ভুল করলে জেল হয়, সরকারি কর্মচারী ভুল করলে জেল হয়। উনি ভুল করে বললেন, “আই অ্যাম সরি”। সরি বলে সব ভুলে গেলেন। যারা নির্যাতিত হয়েছে তারা সুস্থ হয়ে যাবে? রাজনীতিবিদদের চরিত্র হরণ করা হলো। ছাত্রদের হত্যা করা হলো। আর উনি সরি বললেন। ওরা ভুল করলে বলে সরি। আমরা ভুল করলে বন্দীখানা আছে। এটা কোনো কথা হলো? সরি বললে কি আমি সুস্থ হয়ে যাব? আমরা কি এ কথা ভুলে যেতে পারব?’
নাসিম বলেন, ‘ব্যারিস্টার মইনুল বলেন দুই নেত্রীকে বিদায় নিতে হবে। দুই-একজন বুদ্ধিজীবী, সাংবাদিকও ছিল। দুজন বিশিষ্ট সাংবাদিক নেতা বললেন “আমরাই এক-এগারো এনেছি”।’
নাসিম নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে বলেন, এক-এগারোর পটভূমি আগেই তৈরি করা হয়েছিল। সোনারগাঁও হোটেলে এক সেমিনারে যোগ্য প্রার্থী খোঁজা হয়। এর উদ্দেশ্য ছিল গণতন্ত্র হত্যা করা। এরপর একজন অর্থনীতিবিদ শান্তিতে নোবেল পেলেন। তিনি শান্তির জন্য কিছুই করেননি। শান্তির কোনো কাজ করেননি। উল্টো পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে শেখ হাসিনা দেশে শান্তি প্রতিষ্ঠা করেন। ওই অর্থনীতিবিদ কোনো দিন স্বাধীনতা দিবস ও শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে যাননি। কোনো দিন বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেননি। একপর্যায়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ অসুস্থ হয়ে গেলেন। এর অর্থ কী? এর সবই এর মাধ্যমেই পটভূমি তৈরি করা হয়েছে।
৫ জানুয়ারির নির্বাচনের বিষয়ে নাসিম বলেন, ‘ওই নির্বাচন না হলে দেশে সামরিক শাসন হতো। সংসদের সবাইকে জেলখানায় থাকতে হতো। আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, ভারতের গণতন্ত্র সেসব দেশের জনগণের জন্য। এ দেশের গণতন্ত্র ঠিক করবে দেশের মানুষই। কারও প্রেসক্রিপশন নিতে চাই না।’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘যারা আমাদের জেল খাটাইছে তাদের সঙ্গে নিয়ে চক্রান্ত করেন। আর এখন বলেন কাউন্সিল করার জন্য মাঠ চান। কিন্তু আমরা হলে মাঠ দখল করে নিতাম।’
জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘২০০১ সালের পর খালেদা জিয়া দেশকে রক্তাক্ত করেছিলেন। মইন উদ্দীন-ফখরুদ্দীন এসে দেশকে খাদের কিনারায় নিয়ে যান। সেখান থেকে শেখ হাসিনা গণতন্ত্র ও উন্নয়নের পথে ফেরত নিয়ে এসেছেন। তবে এই ফেরতযাত্রায় নেতৃত্ব দিতে গিয়ে তাঁকে নানা ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে। চক্রান্তকারীরা ব্যর্থ হলেও বোল পাল্টে নতুন চক্রান্তে লিপ্ত আছে।’
খালেদা জিয়ার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া গণতান্ত্রিক নেত্রী নন। তিনি আগুনসন্ত্রাসী ও জঙ্গিনেত্রী। তিনি গণতন্ত্রের জন্য অনুপযুক্ত। কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। এটা পাকিস্তানি ও সামরিকপন্থী অগণতান্ত্রিক দল। তাদের মধ্যে একটাও গণতান্ত্রিক ক্রোমোজম নেই। বিএনপি এখন ইতিহাসের ভাগাড়ে পরিণত হয়েছে। তার এই ভাগাড়ের কেয়ারটেকারের দায়িত্ব পালন করছেন খালেদা জিয়া।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মন্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে হইচই শুরু করেছে। কিন্তু এই সংস্থাগুলো একাত্তরের নারী হত্যা ও পঁচাত্তরের বঙ্গবন্ধু হত্যার সময় কোনো টুঁ-শব্দ করেনি। এক-এগারোর সময়ও তারা কোনো বক্তব্য-বিবৃতি দেয়নি। কিন্তু সেই এক-এগারোর ঘটনা নিয়ে মাহ্ফুজ আনাম যখনই স্বীকারোক্তি দিয়েছে, সেটা নিয়ে যখন সমালোচনা হয়েছে, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হইচই বাধিয়ে দিয়েছে। মাহ্ফুজ আনামের সমালোচনা করলে নাকি গণমাধ্যমের সমালোচনা করা হয়। এটা ঠিক নয়। এই বিদেশি সংস্থাগুলো হচ্ছে একচোখা। এরা বাংলাদেশের সবকিছু ঠিকমতো দেখছে না।’
মত প্রকাশের অধিকার সবার রয়েছে—এমন মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, ‘সম্পাদকদের অধিকার আছে সরকারের সমালোচনার করার। সেই সমালোচনা তাঁরা সকাল-বিকাল করছেন, আমরা কিছু বলি না। কিন্তু রাজনীতিবিদ হিসেবে, সংসদ সদস্য হিসেবে, মন্ত্রিপরিষদ সদস্য বা সরকারের একজন কর্মকর্তা হিসেবে আমারও অধিকার রয়েছে সম্পাদক ও সাংবাদিকদের সমালোচনা করার। সরকারের সমালোচনা করলে গণতন্ত্র ভেঙে পড়ে না। তেমনি সম্পাদকদের সমালোচনা করলে গণমাধ্যম ধ্বংস হয়ে যায় না।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, মাহ্ফুজ আনাম, ইউনূস, মইনুল গং দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। মাহ্ফুজ আনামের বিচার-প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মানুষ আইনি প্রক্রিয়া শুরু করেছে। এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য আরও যারা এই দুষ্ট চক্রের চক্র তাদের বিচারের আওতায় আনতে হবে। এ জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে অপকর্মকারীদের চিহ্নিত করতে হবে। কারণ, তাদের বিচারেরও আওতায় এনে দেশের ১৬ কোটি মানুষের স্বার্থকে রক্ষা করতে হবে। ১/১১-এর কুশীলবেরা যে চরিত্রেরই হোক না, তারা যে পেশারই হোক না কেন? এই দুষ্ট চক্রকে বিচারের আওতায় আনতে হবে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, যারা সত্য প্রকাশের বদলে অসত্যের আশ্রয় নেয়, সুবিধাবাদীদের কাছে মাথা নত করে, তারা জানে না, শেখ হাসিনা অসত্যের কাছে মাথা নত করেন না। নৈতিকতা ও দায়িত্ব বিসর্জন দিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জাতি ও দেশকে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ের সহকর্মীদের বক্তব্যের সঙ্গে তিনি একমত।
গতকাল সংসদে আরও বক্তৃতা দেন আবুল কালাম আজাদ, হুইপ আতিউর রহমান, জাহিদ আহসান, জেবুন্নেছা আফরোজ, তালুকদার মো. ইউনূস, আবদুল লতিফ প্রমুখ।