তদন্ত কমিশনের কাছে অভিযোগ ও প্রমাণ জমা দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরের সহিংস ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কাছে অভিযোগ ও তথ্য-প্রমাণ জমা দিতে ক্ষতিগ্রস্তদের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার তদন্ত কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণ, বসতবাড়ি থেকে উচ্ছেদ, ভূমি-সম্পত্তি দখল, নির্যাতন-নিপীড়নসহ মানবাধিকার ও মানবতার বিরুদ্ধে অপরাধের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, জাতিগোষ্ঠী, সম্প্রদায় ও রাজনৈতিক দলগুলোকে তাদের অভিযোগ গতকাল থেকে পরবর্তী ২০ কার্যদিবসের মধ্যে কমিশনে জমা দিতে পারবে। অভিযোগের সঙ্গে ঘটনার বর্ণনা, সাক্ষ্য-প্রমাণ, ছবি, সিডি বা অন্য যেকোনো তথ্য-উপাত্ত সাপ্তাহিক ছুটির দিন বাদে যেকোনো দিন তদন্ত কমিশনের কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা দুইটার মধ্যে জমা দেওয়া যাবে। অভিযোগ ও প্রমাণাদি ডাকযোগেও পাঠানো যাবে। অভিযোগ পাঠানোর ঠিকানা: প্রেসিডেন্ট, তদন্ত কমিশন, সেন্ট্রাল সার্কিট হাউস, সার্কিট হাউস রোড, ঢাকা।