তদন্ত কমিশনের সামনে কাঁদলেন ছবি রানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ সালের ২১ আগস্ট নিজের ওপর চারদলীয় জোট সরকারের কর্মীদের নির্যাতনের কাহিনি বর্ণনা করতে গিয়ে আরও একবার কাঁদলেন বাগেরহাটের রামপালের সেই ছবি রানী মণ্ডল। গতকাল শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউসের সভাকক্ষে তদন্ত কমিশনের চেয়ারম্যান সাবেক জেলা ও দায়রা জজ মুহাম্মদ সাহাবুদ্দিন ছবি রানী মণ্ডলের জবানবন্দি গ্রহণ করেন।ছবি রানী মণ্ডল তদন্ত কমিশনের তিন সদস্য, উপস্থিত নির্যাতিত নারী-পুরুষ এবং সাংবাদিকদের সামনে তাঁর ওপর নির্যাতনের কাহিনি বর্ণনা করতে গিয়ে বলেন, বিএনপির নেতা মল্লিক মিজানুর রহমান ওরফে মজনু ও বাশার কাজীর নির্দেশে সন্ত্রাসীরা তাঁকে রামপাল বাসস্ট্যাস্ট থেকে ধরে মারধরের পর বিবস্ত্র করে এবং স্থানীয় বিএনপির কার্যালয়ে ঢুকিয়ে বেদম প্রহার করে চুল কেটে দেয়। একপর্যায়ে খবর পেয়ে রামপাল থানা থেকে পুলিশ এলে ওই দুই নেতা পুলিশদের নিয়ে পাশের চায়ের দোকানে চা খেতে থাকেন। এ সময় সন্ত্রাসীরা বিএনপির কার্যালয়ের মধ্যে তাঁকে গণধর্ষণ করে। জবানবন্দি দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। ছবি রানীর জবানবন্দি নেওয়ার সময় বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের সাংসদ সৈয়দা হাবিবুন নাহারও উপস্থিত ছিলেন।ছবি রানী মণ্ডল তদন্ত কমিশনকে জানান, বাগেরহাট আদালতে এই মামলা চলাকালে জেলা বিএনপির ওই সময়ের সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সাংসদ এম এ এইচ সেলিম তাঁর বাগেরহাটের বাড়িতে ডেকে ছবি রানীকে দিয়ে জোর করে মামলা মীমাংসাপত্রে স্বাক্ষর করিয়ে নিতে চেয়েছিলেন। সন্ত্রাসীদের হুমকির মুখে সাক্ষী হাজির করতে না পারায় বাধ্য হয়ে তিনি মামলাটি প্রথমে ঢাকায় এবং পরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করেন। মামলাটি এখনো খুলনায় বিচারাধীন।২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত কমিশনের সদস্যরা বৃহস্পতিবার রাতে পিরোজপুর থেকে বাগেরহাট সার্কিট হাউসে এসে পৌঁছান। গতকাল সকাল ১০টা থেকে তাঁরা নির্যাতিত ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ শুরু করেন।খবর পেয়ে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন সার্কিট হাউসে আসেন। তিনি তদন্ত কমিশনকে বলেন, ২০০১ সালের ১১ নভেম্বর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান টুটুলের নেতৃত্বে কসাই আবদুল হক, সোহেল, শাহনেওয়াজ, ডলারসহ আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসীরা জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে হামলা চালিয়ে তাঁকে ছুরিকাঘাত করে। এ সময় ছয়জন সাংবাদিকসহ তাঁর দলের ছয়-সাতজন নেতা-কর্মী জখম হন। তিনি জামা খুলে তদন্ত কমিশনকে ক্ষতস্থান দেখান। পরে তাঁর পক্ষে আইনজীবী আলী আকবর কমিশনের কাছে লিখিত অভিযোগ দেন।তদন্ত কমিশনের সদস্য সচিব মনোয়ার হোসেন আখন্দ জানান, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর বাগেরহাটে নির্যাতনের চিত্র ছিল ভয়ংকর। কমিশন গতকাল সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ৭২ জনের লিখিত অভিযোগ গ্রহণ করেছে। এর মধ্যে ১২টি গণধর্ষণের এবং আটটি হত্যার ঘটনা রয়েছে। যাঁরা কমিশনের সামনে আসতে পারেননি, তাঁদের লিখিত বক্তব্য ডাকযোগে পাঠানোর আহ্বান জানান তিনি।