তদন্ত করছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া থানাহাজতে গত ১৫ মে আবুল কাশেম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ। এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদকে প্রধান করে তিন সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আবুল কাশেমের বাড়ি উপজেলার লেমশীখালী ইউনিয়নের পেয়ারাকাটা গ্রামে৷ তিনি পেশায় দিনমজুর ছিলেন।
আবুল কাশেমের স্ত্রী খালেদা বেগম বলেন, গত ১৪ মে বেলা ১১টায় কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) এ বি এম কামাল উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান বাড়ি থেকে তাঁর স্বামী আবুল কাশেম ও ছেলে নূর মোহাম্মদকে আটক করে থানায় নিয়ে যান। তাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা ছিল না। বাবা ও ছেলেকে থানার পুরুষ হাজতে রাখলেও পরদিন ভোরে মহিলা হাজতে গলায় ফাঁস লাগানো অবস্থায় আবুল কাশেমের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর অভিযোগ, পুলিশের নির্যাতনে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে৷
পুলিশ সূত্র জানায়, ঘটনা তদন্তে তিন সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ তদন্ত কমিটি ইতিমধ্যে কুতুবদিয়া গিয়ে তদন্ত করেছে। দুই-তিন দিনের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
তদন্ত দলের প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, গত ২৬ এপ্রিল স্থানীয় লবণ ব্যবসায়ী মোহাম্মদ মুছাকে অপহরণ করা হয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ মে আবুল কাশেম ও নূর মোহাম্মদকে পুলিশ থানায় নিয়ে আসে। তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে বলা সম্ভব হবে, কী কারণে থানা হাজতে দিনমজুরের মৃত্যু হয়েছে।