এ বি তাজুল ইসলাম মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ও সংগঠনের সম্মাননা ক্রেস্টে সোনা কম দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই প্রতিমন্ত্রী এখন একই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। গতকাল বৃহস্পতিবার তাঁরই সভাপতিত্বে কমিটির বৈঠকে ক্রেস্টের সোনা জালিয়াতি তদন্তে সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক আফছারুল আমীন এবং সদস্য গোলাম দস্তগীর গাজী ও ইকবালুর রহিম। বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
ক্রেস্টের সোনা জালিয়াতি প্রসঙ্গে জানতে চাইলে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঠিকাদার অত্যধিক লাভ করতে গিয়ে এই জালিয়াতি করেছে। এ বিষয়ে বিএসটিআই সময়মতো প্রতিবেদন দেয়নি। এ কারণে তখন বিষয়টি জানা যায়নি।
২০১২ সালে সরকার মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্মাননা দেওয়ার জন্য ৩৩৮টি ক্রেস্ট তৈরি করে। সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভ, সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো, ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রমুখ।
প্রতিটি সম্মাননা ক্রেস্টে এক ভরি (১৬ আনা) সোনা ও ৩০ ভরি রুপা থাকার কথা। কিন্তু বিএসটিআইয়ের পরীক্ষায় এক ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) জায়গায় ক্রেস্টে স্বর্ণ পাওয়া গেছে মাত্র ২ দশমিক ৩৬৩ গ্রাম (সোয়া তিন আনা), ১২ আনাই নেই। আর ৩০ ভরি রুপার বদলে ৩৫১ গ্রাম পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু পাওয়া গেছে। দরপত্র আহ্বান ছাড়াই এই ক্রেস্ট কেনা হয়েছিল। ৩৩৮টির মধ্যে ২৭৮টি ক্রেস্ট সরবরাহ করেছিল এমিকন নামের একটি প্রতিষ্ঠান। বাকি ৬০টি ক্রেস্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম জানা যায়নি। এ বিষয়ে ৬ এপ্রিল প্রথম আলোতে ‘বিদেশি বন্ধু ও সংগঠনকে মুক্তিযুদ্ধের সম্মাননা, ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে!’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
সংসদ সচিবালয় সূত্র জানায়, ক্রেস্ট ক্রয় কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সহকারী সচিব বাবুল মিঞা বর্তমানে এ বি তাজুল ইসলামের একান্ত সচিব হিসেবে সংসদ সচিবালয়ে কাজ করছেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে ক্রেস্ট জালিয়াতির বিষয়টি উত্থাপন করেন সাংসদ ইকবালুর রহিম। এ সময় কমিটির অন্য সদস্যরা বলেন, এ জালিয়াতির ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁরা বিষয়টি তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার প্রস্তাব করেন। কমিটির সভাপতি তাজুল ইসলাম তাঁদের মতে সায় দেন।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধের ওপর তিন থেকে দশ মিনিটের প্রামাণ্যচিত্র নির্মাণ করে তা দেশের সব সিনেমা হলে প্রদর্শনের পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আফছারুল আমীন, গোলাম দস্তগীর গাজী, ইকবালুর রহিম, এ কে এম শাহাজাহান কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্রেস্টে সোনা জালিয়াতির প্রতিবাদে কর্মসূচি: সম্মাননা ক্রেস্টে সোনা চুরির প্রতিবাদে আজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও প্রতীক অনশন করবে মুক্তযুদ্ধ একাডেমি। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মসূচিতে মুক্তিযুদ্ধের সংগঠকসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিরা উপস্থিত থাকবেন। গতকাল সংগঠনের এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।