তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে বৌদ্ধ সম্প্রদায়ের বাড়িঘর এবং বৌদ্ধবিহারে হামলা-ভাঙচুর চালিয়েছে। তদন্ত করে এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।গত রোববার নিউইয়র্কে বাংলাদেশি সংবাদপত্রের প্রতিনিধিদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ৮২০ সেকেন্ড এভিনিউ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে।গত শনিবার রাত ও গত রোববার কক্সবাজারের টেকনাফ, রামু ও উখিয়া উপজেলায় দুষ্কৃতকারীদের কয়েকটি দল বৌদ্ধ সম্প্রদায়ের বাড়িঘর, বৌদ্ধবিহার এবং মন্দিরে হামলা-ভাঙচুর চালায়। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বৌদ্ধ ধর্মাবলম্বী একজন তরুণের প্রোফাইলে পবিত্র কোরআন শরিফের অবমাননাকর ছবি ব্যবহার করা হয়েছে—এমন অভিযোগ এনে এ হামলা-ভাঙচুর চালানো হয়।সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এসব এলাকায় অতীতে জঙ্গিদের অবস্থান ছিল। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পেছন থেকে কে বা কারা ইন্ধন দিয়েছে—সব খুঁজে বের করা হবে।বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এ সুনাম নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাতে পারে।