তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পলমল গ্রুপের তৈরি পোশাক কারখানা আসওয়াদ কম্পোজিট মিলস লিমিটেডে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে বেশ কিছু সংগঠন।
সংগঠনগুলোর পক্ষ থেকে এ ঘটনার যথাযথ তদন্ত করে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বারবার পোশাক কারখানায় আগুন ও ভবনধসে নিরীহ শ্রমিকদের মৃত্যুর ঘটনা গভীরভাবে খতিয়ে দেখার আহ্বান জানানো হয়। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আগুনে প্রাণহানীর ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে গতকাল এ ধরনের প্রাণঘাতী ঘটনা ভবিষ্যতে এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানায়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, আসওয়াদ কম্পোজিটের ঘটনা নিছক অগ্নিকাণ্ড নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। পোশাকমালিক ও সরকারকে এর দায় নিতে হবে।
শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বলেছে, রানা প্লাজা ধসের পর আশা করা হয়েছিল যে শ্রমিকদের নিরাপদ কর্মক্ষেত্রের জন্য পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু মালিকেরা কথা রাখছেন না। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্কপ।
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন এক শোক বিবৃতিতে তদন্তের মাধ্যমে কারণ উদ্ঘাটন, দোষী ব্যক্তিদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, কর্মক্ষেত্রে পোশাকশ্রমিকদের জীবনের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে না।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র এক বিবৃতিতে বলেছে, আইন অমান্য করে ভবন নির্মাণ ও কারখানা পরিচালনা করা, অগ্নিনির্বাপণব্যবস্থার অপ্রতুলতার কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে।
এ ঘটনায় আরও যেসব সংগঠন উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে সেগুলো হচ্ছে—গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি, ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন।