তদন্ত করে দোষীদের বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে গতকাল প্রতীকী অনশন কর্মসূচিতে আইনজীবীরা ।  ছবি: প্রথম আলো
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে গতকাল প্রতীকী অনশন কর্মসূচিতে আইনজীবীরা । ছবি: প্রথম আলো

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলার ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল বৃহস্পতিবার সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত এক প্রতীকী অনশন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

সুপ্রিম কোর্টের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির আদালত প্রাঙ্গণে মানববন্ধন ।  প্রথম আলো
সুপ্রিম কোর্টের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির আদালত প্রাঙ্গণে মানববন্ধন । প্রথম আলো

এ দিকে সুপ্রিম কোর্টের মর্যাদা, ভাবমূর্তি ও পবিত্রতা সুরক্ষার দাবিতে সমিতি ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি করে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। অন্যদিকে অবরোধ কর্মসূচির সময় হাইকোর্ট বিভাগের কার্যক্রম সচল রাখার দাবিতে সাধারণ আইনজীবী হিসেবে সরকার-সমর্থক আইনজীবীরা সমিতির সভাপতির কক্ষের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সরকার ও বিরোধী দল-সমর্থক আইনজীবীদের এসব কর্মসূচি চলে।
গত ২৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে যোগ দিতে মিছিল নিয়ে যাওয়া বিরোধী দল-সমর্থক আইনজীবীদের ওপর হামলা চালান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই হামলায় দুই নারী আইনজীবী আহত হন। পরদিন আদালত প্রাঙ্গণে রাজনৈতিক হানাহানির ঘটনা ঘটে।
প্রতীকী অনশন: পুলিশের ‘ছত্রচ্ছায়ায়’ বহিরাগতদের দিয়ে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং সমিতির সম্পাদকসহ গ্রেপ্তার সব আইনজীবীর মুক্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমিতির নেতৃত্বে আছেন বিরোধী দল-সমর্থক আইনজীবীরা।
সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী বলেন, ওই ন্যক্কারজনক ঘটনায় সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ও দেশে আইনের শাসনের স্বার্থে ৭২ ঘণ্টার মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার কার্যক্রম শুরু করতে হবে।
সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সমিতি ভবনের পাশে চলা ওই কর্মসূচিতে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ প্রমুখ সংহতি প্রকাশ করেন। অন্যদের মধ্যে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি মইনুল হোসেন, আইনজীবী জয়নুল আবেদীন, এ বি এম ওয়ালিউর রহমান খান, এম বদরুদ্দোজা, সানাউল্লাহ মিয়া বক্তব্য দেন।
প্রতীকী অবস্থান: দুপুর পৌনে ১২টার দিকে সমিতির সভাপতির কক্ষের সামনে সাধারণ আইনজীবী হিসেবে অবরোধ কর্মসূচির সময় হাইকোর্ট বিভাগের কার্যক্রম চালু রাখার দাবি জানান সরকার-সমর্থক আইনজীবীরা। সৈয়দ মামুন মাহবুবের সঞ্চালনায় কর্মসূচিতে ইউসুফ হোসেন হুমায়ুন, শ ম রেজাউল করিম, মোমতাজউদ্দিন আহমেদ মেহেদী, মোতাহার হোসেন প্রমুখ অংশ নেন। কর্মসূচি থেকে অবরোধকালে হাইকোর্টের বিচার কার্যক্রম পরিচালনায় পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানানো হয়। পরে তাঁদের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে।
মানববন্ধন: গণতান্ত্রিক আইনজীবী সমিতির ব্যানারে মানববন্ধন কর্মসূচি চলে দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত। মানববন্ধন থেকে ২৯ ও ৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এতে সংগঠনের সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদুল বারি, সুপ্রিম কোর্ট শাখার সভাপতি জগলুল হায়দার আফ্রিক প্রমুখ বক্তব্য দেন। পরে তাঁদের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে।