তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে শিরশ্ছেদ হওয়া আট বাংলাদেশিকে রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না, তা জানতে চাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আট সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে পররাষ্ট্র্রসচিব ও বৈদেশিক কর্মসংস্থানসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল বুধবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন।এক মিশরীয়কে হত্যার দায়ে গত শুক্রবার রিয়াদে আট বাংলাদেশির শিরশ্ছেদ করা হয়। ওই ঘটনায় যথাযথ পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এক আইনজীবী ১১ অক্টোবর রিট আবেদনটি করেন। গতকাল আবেদনের ওপর শুনানি হয়। পরিবারের ভরণ-পোষণ দাবি: আট বাংলাদেশির শিরশ্ছেদের প্রতিবাদে গতকাল গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদের নেতৃত্বে মানববন্ধন হয়েছে। গুলশান-২ নম্বর গোলচত্বরের সামনে সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টার মানববন্ধনে অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে সৈয়দ আবুল মকসুদ বলেন, আটজনকে রক্ষায় পররাষ্ট্র এবং বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নেয়নি। আট বাংলাদেশির অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ভরণ-পোষণের দায়িত্ব এখন সরকারকেই নিতে হবে।