মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলা তদন্ত করে ব্যবস্থা নিতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক এ নালিশি মামলা করেন। মহানগর হাকিম আতিকুর রহমান বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানা-পুলিশকে ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।
আদালতের আদেশে বলা হয়, এই ধরনের অভিযোগ আমলে নেওয়ার আগে ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা সরকারের অনুমোদন নেওয়া আবশ্যক। অনুমোদন নিয়ে আদালত শাহবাগ থানার ওসিকে ঘটনা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
মামলার আরজিতে বলা হয়, ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয়, এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে’। তাঁর এ ধরনের মন্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তির সংগ্রামের ইতিহাসের বিরুদ্ধে নিন্দাবাদ ও অপপ্রচার এবং রাষ্ট্রদ্রোহের শামিল।
এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগে করা মামলায় গতকালও তদন্ত প্রতিবেদন দেয়নি শাহবাগ থানা-পুলিশ। আদালত ৩১ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন।