তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষ প্রমাণিত হলে অবশ্যই অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় গতকাল বুধবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে নিজের বাসায় সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
পরে যাচাই-বাছাই অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াত সরকার বেশ কিছু রাজাকারকে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তাই সঠিক মুক্তিযোদ্ধার তালিকা তৈরির জন্য সরকার এ যাচাই-বাছাই করছে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা বেরিয়ে আসবে। নাসিম আরও বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালি শহীদ হয়েছেন, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়া তা মেনে নিতে চান না। তিনি পাকিস্তানিদের সুরে সুর মিলিয়ে বলেন, সন্দেহ রয়েছে, এত মানুষ মারা যায়নি।