আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচনী সভায় সরকারি চিকিৎসক ও সেবিকাদের অংশগ্রহণের বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করছে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা। সভায় অংশগ্রহণকারীদের নাম দিয়ে তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ ও চমেক হাসপাতালের পরিচালক বরাবর গতকাল শুক্রবার চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, গত বৃহস্পতিবার মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে নির্বাচনের একজন প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভায় সরকারি সুবিধাভোগী কিছু চিকিৎসক ও সেবিকা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পর্যবেক্ষণ দলের সদস্যদের কাছে এ-সংক্রান্ত তথ্য রয়েছে। বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। মেডিকেলের যাঁরা ওই সভায় অংশ নিয়েছেন তাঁদের নাম দিয়ে তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করার জন্য অধ্যক্ষ ও পরিচালক বরাবরে চিঠি পাঠিয়েছি।’
রিটার্নিং কর্মকর্তা জানান, তদন্তে যাঁদের নাম আসবে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত শাহ আলম বীর উত্তম মিলনায়তনে আ জ ম নাছির উদ্দিনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আ জ ম নাছির উপস্থিত হয়ে ভোট চান। ওই সভায় দর্শকসারিতে সরকারি চিকিৎসক ও সেবিকারা ছিলেন।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা যাতে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ না করে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। চিঠিতে উল্লেখ করা হয়, যদি কেউ কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে কাজ করেন এবং করপোরেশনের সুযোগ-সুবিধা ব্যবহার করেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।