সিলেটে রাগীব আলীর বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান জালিয়াতির মাধ্যমে দখল করে ‘হাজার কোটি’ টাকার ভূমি আত্মসাতের অভিযোগে করা দুটি মামলার তদন্ত করে প্রতিবেদন আগামী ৭ এপ্রিল আদালতে দাখিল করতে কোতোয়ালি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। সিলেটের মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান গত মঙ্গলবার এ আদেশ দেন।
গতকাল বুধবার যোগাযোগ করলে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ প্রথম আলোকে বলেন, আদেশ থানায় পৌঁছালে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগানের জায়গায় বিধিবহির্ভূতভাবে স্থাপনা নির্মাণ করা হয়। ১৯৯৯ সালের ২৫ আগস্ট ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত তৎকালীন সংসদীয় স্থায়ী কমিটি তদন্ত করে এর সত্যতা পায়। পরবর্তী সময়ে সংসদীয় উপকমিটি চা-বাগানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেওয়ার সুপারিশ করে। এ সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সিলেট সদর ভূমি কমিশনার এস এম আবদুল হাই বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা করেন।
মামলায় প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার ভূসম্পত্তি আত্মসাতের অভিযোগে রাগীব আলী, তাঁর স্ত্রী রাবেয়া খাতুন চৌধুরী (প্রয়াত), ছেলে আবদুল হাই, মেয়ে ও মেয়ের জামাতাকে আসামি করা হয়েছিল। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলাটি উচ্চ আদালত থেকে স্থগিত করা হয়। পরে পুলিশ তদন্ত করে ২০১০ সালের ২৮ অক্টোবর আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে মামলাটি নিষ্পত্তি করেছিল। এদিকে চলতি বছরের ১৯ জানুয়ারি আপিল বিভাগ দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান পুনরুদ্ধারে রায় দেন। এতে ওই দুটি মামলা সক্রিয় করার নির্দেশনাও দেওয়া হয়।
উচ্চ আদালতের এ নির্দেশনার বিষয়ে ১৬ মার্চ সিলেটের সরকারি কৌঁসুলি একটি আবেদনের মাধ্যমে মুখ্য মহানগর হাকিম আদালতকে অবহিত করলে গত মঙ্গলবার আদালত ওই আদেশ দেন।
মামলা নিষ্পত্তি-সংক্রান্ত আদেশ প্রত্যাহার করে আদালতের আদেশে বলা হয়, সিভিল আপিল মামলার নির্দেশনা মোতাবেক মামলার কার্যক্রম শুরু হলো। মামলার তদন্ত কর্মকর্তাকে অনতিবিলম্বে তদন্ত কার্যক্রম শুরু করে আগামী ৭ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া গেল।