মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার সদস্য সহকারী পুলিশ সুপার (এএসপি) জেড এম আলতাফুর রহমানকে ‘অদক্ষ ও দায়িত্বহীন’ তদন্ত কর্মকর্তা বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল বলেছেন, দায়িত্বে অবহেলার জন্য তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত।
চাঁপাইনবাবগঞ্জের রাজাকার মাহিদুর রহমান ও আফসার হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এ পর্যবেক্ষণ করেন। রায়ে ট্রাইব্যুনাল বলেন, মানবতাবিরোধী অপরাধের মতো স্পর্শকাতর মামলার সুষ্ঠু ও প্রশ্নহীন তদন্তের স্বার্থে ভবিষ্যতে তাঁকে আর কোনো মামলা তদন্তের দায়িত্ব দেওয়া উচিত নয়। এমন অদক্ষ ও দায়িত্বহীন তদন্ত কর্মকর্তাকে যুক্ত করার দায় তদন্ত সংস্থাও এড়াতে পারে না।
জানতে চাইলে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, ‘এটা তদন্তের ক্ষেত্রে অবশ্যই বড় ভুল। বিষয়টি তদন্ত কর্মকর্তার গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। পূর্ণাঙ্গ রায় দেখে আমরা এ বিষয়টি অভ্যন্তরীণভাবে তদন্ত করে দেখব।’
মাহিদুর ও আফসারের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের আনা তিনটি অভিযোগের মধ্যে তৃতীয়টি ছিল, একাত্তরের ২ নভেম্বর মাহিদুর-আফসারসহ ৩০-৩৫ জন রাজাকার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শেরপুর ভান্ডার গ্রামের চারজনকে ধরে নিয়ে যায়। সারা রাত নির্যাতনের পরদিন তাঁদের হত্যা করা হয়। অথচ একই অভিযোগে এ দুই আসামির বিরুদ্ধে ১৯৭২ সালের দালাল অধ্যাদেশের অধীনে মামলা হয়। রাজশাহীর বিশেষ ট্রাইব্যুনালে বিচার হওয়া ওই মামলায় তাঁরা দোষী সাব্যস্ত হন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। উচ্চ আদালত ওই সাজা বহাল রাখেন। এই মামলার সাক্ষ্য গ্রহণের সময় বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে।
এ প্রসঙ্গে রায়ে বলা হয়, তদন্তের সময় এ বিষয়টি বের হয়ে আসা উচিত ছিল। তদন্ত কর্মকর্তার ব্যর্থতায় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় উন্মোচিত না হওয়া তদন্তের মুখে কষে লাথি মারার মতো। অথচ এই মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী লায়েসউদ্দিন যখন তদন্ত কর্মকর্তাকে জবানবন্দি দেন, তখন তিনি এ বিষয়টি উল্লেখ করেছিলেন। এই দুই আসামির বিরুদ্ধে দালাল আইনে করা মামলার বাদী ছিলেন লায়েসউদ্দিন।
ট্রাইব্যুনাল বলেন, আইন অনুসারে একই অপরাধে কোনো ব্যক্তির দুবার সাজা হতে পারে না। অথচ পুলিশ বিভাগে দীর্ঘদিন কাজ করেও তদন্ত কর্মকর্তা এ বিষয়টি এড়িয়ে গেছেন। এ ধরনের একটি গুরুত্বপূর্ণ তথ্য সাক্ষী লায়েসউদ্দিন বলার পরও তদন্ত কর্মকর্তা তা লেখেননি। এটা তাঁর চরম অদক্ষতা ও অবহেলার ফলে হয়েছে। তদন্ত কর্মকর্তার এ অবহেলা অমার্জনীয়। সাক্ষ্য দেওয়ার সময় তদন্ত কর্মকর্তা যুক্তি দেওয়ার চেষ্টা করে বলেছেন, এ বিষয়ে তিনি পর্যাপ্ত নথিপত্র সংগ্রহের চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তাঁর এ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রায়ে আরও বলা হয়, তদন্ত কর্মকর্তা ভালোভাবেই জানেন, যে অভিযোগে একবার বিচার হয়, তা স্বাভাবিকভাবেই দ্বিতীয়বার আনা যায় না। কিন্তু এই তদন্ত কর্মকর্তা উদ্দেশ্যমূলকভাবে বিচার প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন গুরুত্বপূর্ণ তথ্যটি বাদ দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সাহস করেছেন। এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য এই তদন্ত কর্মকর্তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
তদন্ত কর্মকর্তা আলতাফুর রহমান বিদেশে থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নিতে পারেনি প্রথম আলো। তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, ‘তদন্তে অবশ্যই ভুল হয়েছে। রাষ্ট্রপক্ষের সাক্ষীর জবানবন্দিতে এ বিষয়টি আসার পর তদন্ত কর্মকর্তার উচিত ছিল তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা। তবে আমি মনে করি, তদন্ত কর্মকর্তা আংশিক অদক্ষতা দেখিয়েছেন। তদন্তে পাওয়া বাকি দুটি অভিযোগ সঠিক বলে ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে।’