তদন্ত কর্মকর্তা ও বাদীকে আদালতে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলন হত্যা মামলা
মিলন হত্যা মামলা

নিরীহ কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা ও বাদীকে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন বিচারক। গতকাল বুধবার নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সমরেশ কুমার শীল এ আদেশ দেন।
২০১১ সালের ২৭ জুলাই কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া এলাকায় মিলনকে ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ গাড়িতে করে এনে জনতার হাতে এই কিশোরকে ছেড়ে দেয়। সেখানে পুলিশের উপস্থিতিতেই তাকে হত্যা করা হয়।
আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী ধার্যকৃত তারিখে ওই দুজনকে হাজির হতে বলা হয়। একই সঙ্গে মামলার কেস ডায়েরি (সিডি) তলব করেন আদালত। তদন্তকারী কর্মকর্তার দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গতকাল আদালতে উপস্থাপন করা হয়। এরপর শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি আইন কর্মকর্তা (পিপি) এ টি এম মহিব উল্যাহ্। দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখে মামলা প্রত্যাহার করতে বাদীর আবেদন ও তদন্তকারী কর্মকর্তার দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি হবে।’
মহিব উল্যাহ্ আরও বলেন, ওই দিন শুনানি শেষে আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করতে পারেন বা পুনরায় তদন্তের আদেশ দিতে পারেন।
২০১১ সালের ২৭ জুলাই মিলনকে পিটিয়ে হত্যার পর ঘটনাটির ভিডিওচিত্র প্রকাশিত হলে স্তম্ভিত হয়ে পড়ে প্রশাসনসহ সাধারণ মানুষ। পরে সে বছরই ৩ আগস্ট মিলনের মা কহিনুর বেগম বাদী হয়ে নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতে একটি পিটিশন দায়ের করেন। আদালতের নির্দেশে ৮ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় সেটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়।
প্রথমে এ মামলার তদন্ত করে স্থানীয় থানা-পুলিশ। পরবর্তী সময় মামলার তদন্তভার পায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির একাধিক তদন্ত কর্মকর্তা মামলাটি তদন্ত করেন। সর্বশেষ তদন্ত কর্মকর্তা ডিবির ওসি মো. আতাউর রহমান ভূঁইয়া। তিনি চলতি মাসের প্রথম দিকে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বাদীর মামলা না চালানোর আবেদনের কথাও রয়েছে।
প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এজাহারে বর্ণিত ঘটনা সত্য বলে প্রাথমিকভাবে প্রমাণিত হলেও কে বা কারা তা করেছেন সেটা প্রমাণ করার মতো পর্যাপ্ত সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। এতে ভবিষ্যতে মামলা প্রমাণ করার মতো সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে মামলাটি পুনরুজ্জীবিত করা হবে।
প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা ভিডিওচিত্র দেখে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে চিহ্নিত ২৭ জন আসামি ও এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করেন। এই ২৭ আসামির মধ্যে একজন শাহ আলম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছিলেন।
এ নিয়ে গত সোমবার প্রথম আলোয় ‘বিচার মাটিচাপা দিল পুলিশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। মামলা তদন্তের নামে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ।