তদন্ত কর্মকর্তা নিয়োগ নিয়ে ছয়টি থানায় অসন্তোষ
আদালত ও পুলিশ সদর দপ্তরের নির্দেশ অমান্য করে ঢাকা জেলার ছয়টি থানায় পরিদর্শকেরা (প্রশাসন ও অপারেশন) মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশের প্রধান কার্যালয়ের নির্দেশ অনুযায়ী, থানায় মামলা হওয়ার পর তা কনিষ্ঠ নিরস্ত্র পুলিশ পরিদর্শকের (তদন্ত) কাছে ন্যস্ত করতে হবে। মামলার নথি হাতে পাওয়ার পর পরিদর্শক (তদন্ত) নিজে তদন্ত করবেন অথবা অধীনস্থ কোনো কর্মকর্তাকে দিয়ে তদন্ত করাবেন। কিন্তু ঢাকা জেলার সাতটি থানার মধ্যে ছয়টি থানায় এই নির্দেশ মানা হচ্ছে না। এ নিয়ে পুলিশের কনিষ্ঠ পরিদর্শক (তদন্ত) ও জ্যেষ্ঠ পরিদর্শকদের (প্রশাসন ও অপারেশন) মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।মামলার নথি সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন। এই ঘটনায় ওই দিন রাতেই আশুলিয়া থানায় একটি হত্যা মামলা হয়। প্রশাসন ও অপারেশনের দায়িত্বে নিয়োজিত থানার জ্যেষ্ঠ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম মামলাটি গ্রহণ করে শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) মনিরুজ্জামানকে তদন্তের দায়িত্ব দেন।গত বছরের ৪ অক্টোবর পুলিশ সদর দপ্তরের এক আদেশে বলা হয়, থানায় মামলা হওয়ার পর, এমনকি সাধারণ ডায়েরি (জিডি) থেকে কোনো ঘটনা মামলায় রূপান্তরিত হলে তা কনিষ্ঠ নিরস্ত্র পরিদর্শকের (তদন্ত) কাছে ন্যস্ত করতে হবে। এরপর পরিদর্শক (তদন্ত) গুরুত্বপূর্ণ মামলাগুলো নিজে তদন্ত করবেন এবং কম গুরুত্বপূর্ণ মামলাগুলো তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করবেন। মামলা তদন্তসংক্রান্ত সব দায়দায়িত্ব পরিদর্শক তদন্তকেই বহন করতে হবে। তদন্ত শেষে পরিদর্শক (তদন্ত) মামলার চূড়ান্ত প্রতিবেদন অথবা অভিযোগপত্র প্রশাসন ও অপারেশনের দায়িত্বে নিয়োজিত পরিদর্শকের মাধ্যমে আদালতে পাঠাবেন।কিন্তু দীর্ঘদিনেও ওই আদেশ কার্যকর না হওয়ায় ঢাকার ধামরাই, আশুলিয়া, সাভার, দক্ষিণ কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ মডেল থানা, নবাবগঞ্জ ও দোহার থানার পরিদর্শকেরা (তদন্ত) মাস খানেক আগে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার জেলার সাত থানার পুলিশ পরিদর্শককে (প্রশাসন ও অপারেশন) মামলা হওয়ার পর, তা তদন্তের দায়িত্বে নিয়োজিত পরিদর্শকের কাছে ন্যস্ত করার নির্দেশ দেন। গত ২১ মার্চ ঢাকার মুখ্য বিচারিক হাকিম মো. ইসমাইল হোসেনের আদালত থেকেও ওই আদেশ পালনের নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশও ধামরাই থানা ছাড়া জেলার অপর ছয় থানায় মানা হচ্ছে না।মামলার এজাহার সূত্রে জানা যায়, মারধর ও চুরির অভিযোগে আশুলিয়ার কুড়গাঁও এলাকার বাসিন্দা মেহের আলী গত ২৬ মার্চ স্থানীয় থানায় একটি মামলা করেন। কিন্তু উপপরিদর্শক (এসআই) আবিদ হোসেন খানকে এ মামলার তদন্তের নির্দেশ দেন পরিদর্শক (প্রশাসন ও অপারেশন) মো. সিরাজুল ইসলাম।দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন অভিযোগ করেন, পুলিশ মহাপরিদর্শকের আদেশ ও আদালতের নির্দেশ অমান্য করে পরিদর্শক (প্রশাসন ও অপারেশন) মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করছেন। এ ছাড়া প্রশাসন ও অপারেশনের দায়িত্বে নিয়োজিত পরিদর্শকের পক্ষ থেকে তদন্তে নিয়োজিত পরিদর্শককে কোনো লজিস্টিক সাপোর্টও দেওয়া হচ্ছে না।তবে সাভার থানার পরিদর্শক (প্রশাসন ও অপারেশন) মো. মাহাবুবুর রহমান বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ১৫৭ ধারা অনুযায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে কোনো অভিযোগ করা হলে তিনি নিজে তদন্ত করবেন অথবা তাঁর অধীনস্থদের দিয়ে তদন্ত করাবেন। এই ক্ষমতা বলেই মামলা হওয়ার পর আমরা তদন্ত কর্মকর্তা নিয়োগ করে আসছি।’ আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলামও একই যুক্তি তুলে ধরেন। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, ওই বিধি বাতিল করে গত বছরের ৪ অক্টোবর সরকার নতুন আদেশ জারি করে।ঢাকার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, নতুন কোনো নিয়ম বাস্তবায়ন করতে কিছুটা সময় লেগে যায়। তবে আদালতের নির্দেশের পরও ঢাকা জেলার কোনো থানায় মামলা হওয়ার পর পরিদর্শক (প্রশাসন ও অপারেশন) তদন্ত কর্মকর্তা নিয়োগ করলে তা খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।