তদন্ত কর্মকর্তা পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ব্যবসায়ী আমিনুল হক হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির অতীত তথ্য এখনো সংগ্রহ করতে পারেনি পুলিশ। এদিকে মামলাটির আরও তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।আমিনুল হকের নয় টুকরা লাশসহ গত ১২ এপ্রিল সারোয়ার হোসেন ও তাঁর দোকানের কর্মচারী আবদুল হাকিমকে গ্রেপ্তার করা হয়। দুজনেরই বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। তাঁদের অতীত তথ্য চেয়ে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা রাজশাহীর বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক গত ১৪ এপ্রিল ডাকযোগে করিমগঞ্জ থানায় চিঠি পাঠান।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গতকাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, বুধবার থানায় চিঠি পৌঁছেছে। তিনি এক কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছেন। দু-তিন দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন পাঠানো সম্ভব হবে। তিনি জানান, তিনি থানার ইসলামপাড়া গ্রামে সারোয়ার ও হাকিমের বাড়িতে গিয়েছিলেন। সেখানে সারোয়ারের পরিবারের নারী সদস্য ছাড়া আর কেউ থাকেন না।এদিকে মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাককে বাদ দিয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান মো. শাহরিয়ারকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. ওবায়দুল্লাহ বলেন, আরও নিবিড়ভাবে তদন্তের জন্য একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে শাহরিয়ারকে নিয়োগ করা হয়েছে।মো. শাহরিয়ার বলেন, সারোয়ারের স্ত্রী নার্গিসকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।