তদন্ত কর্মকর্তা পরিবর্তনের নির্দেশ বাস্তবায়িত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুক্তিযোদ্ধা ও চিকিৎসক রফিকুল ইসলাম দুলাল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পরিবর্তনে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ দেড় মাসেও বাস্তবায়িত হয়নি।রফিকুল ইসলামের পরিবারের অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা ময়মনসিংহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করছেন না।থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৭ জুন রাতে উপজেলার বারইহাটি বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা এলাকার মুক্তিযোদ্ধা রফিকুলকে (৬০) অপহরণের পর হত্যা করে। এ ঘটনায় দুই দিন পর নিহতের বড় ভাই আশরাফুল ইসলাম এলাকার আবুল হোসেনসহ ১৬ জনের বিরুদ্ধে গফরগাঁও থানায় হত্যা মামলা করেন। পরে রফিকুল হত্যা মামলার সুষ্ঠু বিচার এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন সময় এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।মামলার বাদী ও সিআইডি সূত্রে জানা যায়, ২০১০ সালের ৭ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে রফিকুল হত্যা মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং সেলে নেওয়া হয়। পরে মামলার বাদী আশরাফুল আইও আবু বক্করের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে তাঁকে তদন্তের দায়িত্ব থেকে পরিবর্তনের দাবিতে গত ১৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে আবেদন করেন। এতে বলা হয়, আদালতে বাদীপক্ষ উচ্চপর্যায়ে রফিকুলের লাশের অধিকতর ময়নাতদন্ত করে পূর্ণাঙ্গ মেডিকেল প্রতিবেদন চায়। কিন্তু আইও আবু বক্কর সিদ্দিক তা করতে আদালতের কাছে অনীহা প্রকাশ করেন। ফলে তাঁর কাছ থেকে মামলার সুষ্ঠু তদন্ত আশা করা যায় না। অবিলম্বে তাঁকে পরিবর্তন করে নতুন কাউকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা জরুরি।আবেদনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী গত ২৭ মার্চ পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেন। আইজিপি ১০ এপ্রিল রফিকুল হত্যা মামলার আইও পরিবর্তন করতে সিআইডির প্রধানের দপ্তরে একটি নির্দেশ পাঠান। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির ওই নির্দেশ বাস্তবায়িত হয়নি। নিহতের অপর ভাই আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং সেলে নেওয়া হলেও তদন্ত কর্মকর্তা প্রথম থেকেই সন্দেহজনক আচরণ করছেন। আমাদের আশঙ্কা, তাঁর কাছ থেকে প্রকৃত তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে না।’সিআইডির ঢাকা বিভাগের পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ মুঠোফোনে প্রথম আলোকে জানান, মনিটরিং সেলের কোনো মামলার আইও পরিবর্তনের সুযোগ নেই। তবে বিশেষ কারণে পরিবর্তন করতে হলে মনিটরিং সেলের বৈঠকে আলোচনা করে তা পরিবর্তন করা যাবে।মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু বক্কর সিদ্দিক জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এজাতীয় অভিযোগ করা হয়েছে কি না জানা নেই। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। অভিযোগপত্র দিতে আরও সময় লাগবে।গত বুধবার নিহত রফিকুলের বাড়িতে গেলে তাঁর মা খোদেজা খাতুন (৭৫) মুক্তিযুদ্ধের সময় ছেলের ব্যবহার করা কম্বল, চাদর ও সার্টিফিকেট দেখিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘মৃত্যুর আগে আমি ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই। আমার আর কোনো চাওয়া নেই।’