তদন্ত কর্মকর্তা বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) বদল হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কুমিল্লার সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ ওই মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ওই দায়িত্ব নিয়েছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেন। এর আগে এ মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সিআইডি কুমিল্লা কার্যালয়ের পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম।
এ প্রসঙ্গে তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘আইও বদল হলেও যেন সঠিকভাবে তদন্ত হয়। আমরা ও দেশবাসী যেন বিচার পাই।’ তনুর বাবা ও মামলার বাদী কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন অসুস্থ থাকায় এ ব্যাপারে কোনো কথা বলতে পারবেন না বলে তিনি (তনুর মা) জানিয়েছেন।
নতুন তদন্ত কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার দায়িত্ব নিয়েছি। আপনাদের সঙ্গে সামনাসামনি কথা হবে।’ সিআইডির একটি সূত্র জানায়, এ মামলা সম্পর্কে আগে থেকেই হোমওয়ার্ক আছে জালাল উদ্দিন আহমেদের। সুতরাং তিনি এর কিনারা করতে পারবেন বলে সিআইডি মনে করছে।
গত ২০ মার্চ তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরের কালভার্টের ২০ থেকে ৩০ গজ পশ্চিমে ঝোপ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ২১ মার্চ তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। গত ১ এপ্রিল থেকে এ মামলার তদন্ত করছে সিআইডি। শুরুতে এ মামলা তদন্তের দায়িত্ব পান সিআইডির পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম।