তদন্ত কর্মকর্তা বদল, আটক পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে
রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশির হত্যার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদের পরিবর্তে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলামকে গত শনিবার দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুর রশিদ।
এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য যে পাঁচজনকে আটক করা হয়েছিল, তাঁদের গত কয়েক দিনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রংপুর কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী। এ পাঁচজন হলেন কুনিওর ভাড়া বাসার বাড়ির মালিক গোলাম জাকারিয়া ওরফে বালা ও তাঁর স্ত্রী আয়েশা জাকারিয়া, কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির ওরফে হীরার স্ত্রী সুলতানা খাতুন, ঘটনাস্থল কাচু আলুটারি গ্রামে যে বাড়ির সামনে কুনিওকে হত্যা করা হয় সেই বাড়ির বাসিন্দা মুরাদ হোসেন ও কুনিওকে আনা-নেওয়া করা রিকশাচালক মুন্নাফ আলী।
কুনিও হত্যার পর রংপুর নগরের সেনপাড়ার বাসিন্দা জেলা ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়া সম্পাদক হাসান আলী, শাহীপাড়ার বাসিন্দা জেলা যুবদলের সদস্য রাজীব হাসান এবং জুম্পাড়ার বাসিন্দা যুবদল কর্মী নওশাদ হোসেন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তাঁদের পরিবার।
৩ অক্টোবর কাচু আলুটারি গ্রামে কুনিও হোশি তাঁর খামারে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।