তদন্ত কর্মকর্তা বদলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেনের বিরুদ্ধে প্যানেল মেয়র প্রণব কুমারের করা হত্যাচেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের দাবি জানিয়েছেন মেয়রের স্ত্রী ফরিদা ইয়াসমিন। গতকাল রোববার শহরের আড়দ্দার পট্টিতে মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি ওই দাবি তোলেন।
এর আগে গত শনিবার ফরিদা ইয়াসমিন ঝালকাঠির পুলিশ সুপার মজিদ আলীর কাছে লিখিতভাবে এ দাবি জানান। লিখিত বক্তব্যে মেয়রের স্ত্রী অভিযোগ করেন, থানা-পুলিশ মেয়রের প্রতিপক্ষ দ্বারা প্রভাবিত। তাই তাঁরা সঠিক তদন্ত না করে আদালতে মিথ্যা প্রতিবেদন দিতে পারে। ন্যায়বিচারের স্বার্থে তাই মামলাটি ডিবি পুলিশ অথবা সিআইডির কাছে হস্তান্তর করা উচিত।
চাঁদাবাজি ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় ১৯ মার্চ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। জামিনে মুক্তি পাওয়ার পর মেয়রের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ ওই বরখাস্ত আদেশ প্রত্যাহার করে নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই দিন রাতে প্যানেল মেয়র (১) প্রণব কুমার নাথ ভানু ও তাঁর শ্যালক শিবু দাসকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে আফজাল হোসেনের বিরুদ্ধে ঝালকাঠি থানায় একটি মামলা করেন।