তদন্ত কর্মকর্তা ১৬ বার বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আট মাসেও পুলিশ পাবনার ঈশ্বরদীর বহুল আলোচিত লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর চরের ছয়জন হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয়নি।২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি কামালপুরের বিস্তীর্ণ চরে মসুর ফসল তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন নিহত হন। আলোচিত এ মামলায় এরই মধ্যে ১৬ জন তদন্ত কর্মকর্তা (আইও) বদল হলেও পূর্ণাঙ্গ অভিযোগপত্র দেওয়া সম্ভব হয়নি।পাবনার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, মামলায় কোনো তদবির নেই। তদন্তের জন্য দেরি হচ্ছে। তবে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ মামলার পূর্ণাঙ্গ অভিযোগপত্র দিতে এসে থানার অনেকেই অদৃশ্য ইঙ্গিতে বদলি হয়ে গেছেন।ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, কামালপুরের চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা আনিসুর রহমান ওরফে শরীফ ও আনিসুর রহমান মোল্লা পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আনিসুর মোল্লা পক্ষের আমিন প্রামাণিক ও সেরজান প্রামাণিক দুজন খুন হন। অন্যদিকে শরীফ পক্ষের খুন হন চারজন। তাঁরা হলেন: আইয়ুব আলী, আবদুর রশিদ, মসলেম ও শরীফ। হত্যা ও সংঘর্ষের ঘটনায় ওই দিন ঈশ্বরদী থানায় পরপর দুটি মামলা করা হয়। শরীফের পক্ষে প্রথম মামলায় বাদী হন আবদুস সাত্তার প্রামাণিক। মামলায় আনিস মোল্লাকে প্রধান আসামি করে ৬১ জনসহ অজ্ঞাতনামা আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়। পুলিশ জানায়, এ মামলায় বর্তমানে জামিনে আছেন ৫১ জন, পলাতক পাঁচজন এবং গ্রেপ্তার আছেন পাঁচজন। মামলার সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা এসআই মঈন উদ্দীন জানান, প্রথম মামলাটির তিনিসহ মোট ১০ জন কর্মকর্তা তদন্ত করেছেন। কেউ পূর্ণাঙ্গ অভিযোগপত্র দিতে পারেননি।পুলিশ আরও জানায়, দ্বিতীয় মামলাটিও করা হয় ঈশ্বরদী থানায়। এ মামলায় আনিসুর মোল্লার পক্ষে বাদী হিসেবে মামলা রুজু করেন নাজির প্রামাণিক। এ মামলার সঙ্গে সংযুক্ত করে পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে মামলায় আসামি করা হয় প্রতিপক্ষের নেতা লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান ওরফে শরীফকে। এ ছাড়া এ মামলায় প্রধান আসামি করা হয় লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের আবুল কালাম বিশ্বাসকে। এ মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১২৫ জনকে আসামি করা হয়।মামলা তদন্তকারী কর্মকর্তা জানান, ঘটনার তিন দিন পর ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি পাবনা আদালতে দরখাস্তের মাধ্যমে আনিসুর রহমান ওরফে শরীফকে আসামি করা হয়। মামলায় বর্তমানে ২৩ জন আসামি ঢাকার উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন, আর গ্রেপ্তার আছেন সাতজন। এসআই মঈন উদ্দীন জানান, এ মামলারও তিনি তদন্ত কর্মকর্তা। এর আগে আরও পাঁচজন তদন্ত কর্মকর্তা বদল হয়েছেন।দীর্ঘদিনেও চূড়ান্ত অভিযোগপত্র না দেওয়া প্রসঙ্গে ঈশ্বরদী থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, আলোচিত এ মামলার জন্য যে ধরনের তথ্যপ্রমাণ দরকার, তা পাওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, এ মামলার পূর্ণাঙ্গ অভিযোগপত্র দিতে এসে থানার অনেকেই বদলি হয়েছেন অদৃশ্য ইঙ্গিতে।তদন্তকারী কর্মকর্তা জানান, থানা থেকে ঘটনাস্থল অনেক দূরে হওয়ায় এবং সাক্ষীদের না পাওয়ায় প্রতিবেদন দেওয়া যাচ্ছে না। মামলার অধিকাংশ সাক্ষী দিনমজুর। তাঁরা অনেকেই এলাকায় থাকেন না।