তদন্ত কর্মকর্তাকে আজ জেরা শেষ করতে বলেছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে আজ সোমবার আসামিপক্ষকে জেরা শেষ করতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল রোববার এ কথা বলেন।গতকাল রাজ্জাক খানকে তৃতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন।জেরায় সৈয়দ মিজানুর রহমান তদন্ত কর্মকর্তাকে রাষ্ট্রপক্ষের কোন সাক্ষীর জবানবন্দি কোথায় গ্রহণ করেছেন, সে-সংক্রান্ত প্রশ্ন করেন। শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে শাহীন রেজা নূর ছাড়া ওই পরিবারের আর কারও জবানবন্দি নিয়েছেন—এ প্রশ্নে সাক্ষী বলেন, না। আনিসুল হকের লেখা মা বইটির বিষয়ে লেখককে জিজ্ঞাসাবাদ করেছিলেন—এ প্রশ্নের জবাবেও তিনি বলেন, না। আলবদর বইয়ের প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা বলেন, বইটির ১৩৫-১৩৬ পৃষ্ঠায় একাত্তরের ১৬ ডিসেম্বর পর্যন্ত আলবদর কী অবস্থায় ছিল, তা তৎকালীন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি বিবৃত করেছিলেন।জেরা অসমাপ্ত অবস্থায় আসামিপক্ষ এ মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবির আরজি জানিয়ে বলে, মুজাহিদের সঙ্গে আইনজীবীদের কথা বলা প্রয়োজন। তাই এক দিন সময় দরকার। ট্রাইব্যুনাল বলেন, ‘জেরা শেষে প্রয়োজনে আজই কথা বলুন। আর যদি মামলা মঙ্গলবার পর্যন্ত মুলতবি করতে চান, তাহলে আপনাদের কথা দিতে হবে, ওই দিন যেকোনো অবস্থায় ট্রাইব্যুনালে আসবেন।’ পরে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও মুন্সি আহসান কবির মুজাহিদের সঙ্গে কথা বলতে ৪০ মিনিট সময় চান। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে আজকের মধ্যে জেরা শেষ করতে বলেন।