তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচার মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করার পর আদালতে হাজির করেনি পুলিশ। পুলিশ আদালতকে লিখিতভাবে জানিয়েছে, তারা এক আসামিকে গ্রেপ্তার করেছে। এখন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত আসামির বর্তমান অবস্থান কোথায়, তা জানানোর জন্য তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন।

বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম জিয়ারুল ইসলাম এই তলব আদেশ দেন। মামলাটি তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) মো. খুরশীদ আলম।

গতকাল সন্ধ্যায় মো. খুরশীদ আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আসামি হাজারীবাগের সাবেক কমিশনার হারুন চৌধুরী। তাঁকে গ্রেপ্তার করে সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হয়। কিন্তু তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

তবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আসামি হাজির করতে হবে, এটাই আইনের বিধান। গ্রেপ্তারের পর আসামি গুরুতর অসুস্থ হলে তা লিখিতভাবে আদালতকে জানাতে হবে। আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। কিন্তু মানব পাচার মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করে তাঁকে ছেড়ে দেওয়া পুলিশের ঠিক হয়নি। 

খুরশীদ আলম ১১ মে লিখিতভাবে আদালতকে জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও মানব পাচারকারী চক্রের দেশি-বিদেশি সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আদালত বলেছেন, ‘আসামি গ্রেপ্তার করা হয়েছে কি না আর গ্রেপ্তার করা হয়ে থাকলে কোথায়, তা জানানোর জন্য দুই কার্যদিবসের মধ্যে আদালতে হাজির হয়ে জবাব দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হলো।’

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, গত বছরের শুরুর দিকে ১৪ বছরের এক কিশোরীকে আম্বিয়া খাতুন নামের এক নারীর মাধ্যমে সাবেক কমিশনার হারুন চৌধুরীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দেন কিশোরীর বাবা। এদের বাড়ি ভোলায়। বেতন দেওয়ার কথা ছিল মাসে দুই হাজার টাকা। কাজে যোগ দেওয়ার আট থেকে নয় মাস পর গত বছরের ২২ অক্টোবর কিশোরীর বাবা মেয়েকে বাড়ি পাঠানোর জন্য হারুন ও তাঁর স্ত্রীর কাছে অনুরোধ করেন। তবে হারুনের মেয়ের স্বামী লিটন তাঁকে বলে দেন, কিশোরীটির ঈদে বাড়ি যাওয়া হবে না। পরে কিশোরীর বাবা ঢাকায় আসামিদের বাসায় এসে তাঁর মেয়ের খবর জানতে চান। তখন তাঁকে আটকে রেখে তাঁর কাছ থেকে জোরপূর্বক স্টাম্পে স্বাক্ষর নেওয়া হয়। মেয়ের খোঁজ না পেয়ে কিশোরীর বাবা হাজারীবাগ থানায় মামলা করতে যান। কিন্তু আসামিদের বিরুদ্ধে মামলা না নেওয়ায় তিনি গত বছরের ২৭ অক্টোবর আদালতে নালিশি মামলা করেন। আদালতের নির্দেশে আম্বিয়া খাতুন, হারুন চৌধুরী, তাঁর স্ত্রী ও মেয়ের স্বামী লিটনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা রেকর্ড করে পুলিশ। এখন পর্যন্ত ওই কিশোরীর সন্ধান পায়নি পুলিশ।

পুলিশ বলছে, মেয়েটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ৯ মে হারুন চৌধুরীকে গ্রেপ্তার করার পরও কেন তাঁকে আদালতে হাজির করা হলো না জানতে চাইলে এসআই মো. খুরশীদ আলম বলেন, হারুন চৌধুরীর তিনবার হার্ট অ্যাটাক হয়েছে। গ্রেপ্তার করে নিয়ে আসার পর গুরুতর অসুস্থ হন। এখনো তিনি অসুস্থ। তবে মুচলেকা নিয়ে তাঁকে ছাড়া হয়েছে।

এ ব্যাপারে সিআইডির বিশেষ পুলিশ সুপার সামসুন নাহারও প্রথম আলোকে বলেন, হারুনকে গ্রেপ্তার করে আনার পর তিনি গুরুতর অসুস্থ হন। পরে আইন মেনে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে সবকিছু জানে।

এক বছরের বেশি সময় মেয়েকে খুঁজে না পেয়ে দিশেহারা মামলার বাদী। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, এত দিন পরও পুলিশ তাঁর মেয়েকে খুঁজে বের করতে পারল না। তিনি তাঁর মেয়েকে ফিরে পেতে চান।