বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে আবার জেরার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার তাঁকে আংশিক জেরার পর ১৫ জুন পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। খালেদা জিয়ার সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়ও ১৫ জুন পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
গতকাল এই দুই মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। বেলা সোয়া ১১টার দিকে খালেদা জিয়া আদালতে উপস্থিত হন। তাঁর আইনজীবীরা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদকে পুনরায় জেরা করার আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে আবার জেরা করার নির্দেশ দেন। খালেদা জিয়ার আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে আংশিক জেরা করে সময়ের আবেদন জানান। পরে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান ১৫ জুন পরবর্তী তারিখ ধার্য করেন।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে অস্থায়ী ভবনে স্থাপিত বিশেষ এজলাসে এই দুই মামলার বিচারকাজ চলছে।
একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও গতকাল খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। এই মামলায়ও খালেদা জিয়ার পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে ১৫ জুন পরবর্তী তারিখ ধার্য করেন।
খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী জমির উদ্দিন সরকার, এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এই মামলা করা হয়। ২০১২ সালের ১৬ জানুয়ারি এই মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। ২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।