রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে করা সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিনের আদালতে এ মামলার তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজাকে জেরা করা হয়।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলে সহকারী কেমিস্ট পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে গত ১৮ আগস্ট মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি। ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। পরে এই মামলায় ১১ জন সাক্ষী সাক্ষ্য দেন। মামলার আসামিরা হলেন জি এম ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ ওয়েল ফেয়ার অফিসার (বরখাস্ত) গোলাম কিবরিয়া ও অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী (বরখাস্ত) হাফিজুর রহমান, সহকারী কেমিস্ট পদে নিয়োগ পাওয়া সুলতানা বেগম ও গণেশ চন্দ্র শীল।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, আসামি গোলাম কিবরিয়ার আইনজীবী মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন।।