তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা বটমূলে বোমা হামলা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফকে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে। গতকাল সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আসামি হাফেজ আবু তাহেরের আইনজীবী জসিম উদ্দিন। জেরা শেষ না হওয়ায় বিচারক রুহুল আমিন ২৫ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। এ মামলায় ৮০ জন সাক্ষী রয়েছেন। এর আগে ৬০ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে। গতকাল তদন্ত কর্মকর্তাকে জেরার সময় মামলার প্রধান আসামি মুফতি আবদুল হান্নানসসহ কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করা হয়। কারাগারে থাকা বাকি সাত আসামি হলেন হাফেজ ইয়াহিয়া, মুফতি আবদুর রউফ, মাওলানা শেখ ফরিদ, হাফেজ আবু তাহের, মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বির, আরিফ হাসান ও নারায়ণগঞ্জের শাহাদত উল্লাহ ওরফে জুয়েল। এ ছাড়া জামিনে থাকা আসামি মাওলানা আকবর হোসাইনও উপস্থিত ছিলেন। ২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে এই বোমা হামলায় ১০ জন নিহত এবং আরও অন্তত ১১ জন আহত ও পঙ্গু হয়েছিলেন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা হয়েছিল। একটি হত্যা এবং অপরটি বিস্ফোরকদ্রব্য আইনে মামলা। তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ২৯ নভেম্বর হরকাতুল জিহাদের (হুজি) ১৪ জন নেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। ২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় এখনো পাঁচজন পলাতক রয়েছেন।