
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও মামলার তদন্তকারী কর্মকর্তা আলতাফুর রহমানকে জেরা অব্যাহত রেখেছে আসামিপক্ষ।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল মঙ্গলবার আলতাফুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী গতকাল আলতাফুর রহমানকে আধা ঘণ্টা জেরা করেন। জেরায় আহসানুল হক জানতে চান, তদন্তকারী কর্মকর্তা কি কখনো জয়পুরহাটে চাকরি করেছেন? জবাবে তিনি বলেন, হ্যাঁ, ১৯৯৬ সালে তিনি সেখানে কর্মরত ছিলেন। জেরায় বেশির ভাগ প্রশ্নই ছিল তাঁর চাকরি-সংক্রান্ত। পরে জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। আলতাফুর রহমান ২৫ জুলাই জবানবন্দি শেষ করেন।
কায়সারের জামিনের বিষয়ে আদেশ ৪ আগস্ট: মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের জামিনের আবেদনের ওপর আদেশের জন্য ৪ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২। গতকাল ট্রাইব্যুনাল বলেন, কারাগার কর্তৃপক্ষ কায়সারের শারীরিক অবস্থার বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে আদেশ দেওয়া হবে। গত ১৫ মে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কায়সারেকে গ্রেপ্তারের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি কারাগারে আছেন। এরশাদ সরকারের সময়ে তিনি কৃষি প্রতিমন্ত্রী ছিলেন।