তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাসকে কীভাবে হত্যা করা হয়েছে, তার বর্ণনা করে মামলায় আংশিক সাক্ষ্য দিলেন মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা ও সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম আকন্দ। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ তিনি সাক্ষ্য দেন।
গতকাল আসামি মাহফুজুর রহমান, কাইয়ুম মিয়া, সাইফুল ও কিবরিয়ার পক্ষে জেরা করা হয়।
আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ‘আপনি পূর্ব থেকেই আসামিদের চেনেন?’ সাক্ষী মাহবুবুল আলম জবাব দেন, ‘না।’
আইনজীবীরা বলেন, ‘আপনি নিহত বিশ্বজিতের মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করেছেন? আসামিদের শনাক্ত করতে আদালতের মাধ্যমে কোনো ব্যবস্থা গ্রহণ করেছিলেন কি?’ উত্তরে তিনি বলেন, ‘না।’
গতকাল আসামিপক্ষের জেরা শেষ না হওয়ায় আদালত আজ মঙ্গলবার জেরার দিন ধার্য করেন। কারাগারে আটক আট আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিরা হলেন রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, এমদাদুল হক, জি এম রাশেদুজ্জামান, এইচ এম কিবরিয়া, কাইয়ুম মিয়া, সাইফুল ইসলাম ও রাজন তালুকদার।
পলাতক ১৩ আসামি হলেন ইউনুস আলী, তারিক বিন জোহর, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, মীর মো. নূরে আলম, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক, কামরুল হাসান ও মোশারফ হোসেন।
গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে হত্যা করেন।