বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা অর্থ পাচারের মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত রয়েছে। এই সাক্ষীকে অবশিষ্ট জেরা এবং আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোতাহার হোসেন গতকাল সোমবার এই দিন ধার্য করেন। ৮ অক্টোবর তদন্ত কর্মকর্তা মো. ইব্রাহিমের সাক্ষ্য গ্রহণকে কেন্দ্র করে এজলাসে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের তর্কবিতর্ক ও বিশৃঙ্খলার কারণে গতকাল এ মামলার কার্যক্রম শুরুর আগে আদালত এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বাড়তি নিরাপত্তা নেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান।
তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. ইব্রাহিমকে গতকাল তৃতীয় দিনে পাঁচ ঘণ্টা জেরা করা হয়। মামুনের পক্ষে তাঁকে জেরা করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও এ বি এম খায়রুল ইসলাম। গতকালও জেরা শেষ না হওয়ায় বিচারক অপ্রয়োজনীয় প্রশ্ন না করে জেরা শেষ করতে বলেন।
আসামিপক্ষে মাসুদ আহমেদ তালুকদার, মহসীন মিয়া, জিয়াউদ্দিন জিয়া, সৈয়দ জয়নুল আবেদীন, নুরুজ্জামানসহ ৪০-৪৫ জন আইনজীবী উপস্থিত ছিলেন।
কারাগারে আটক মামুনকে গতকাল আদালতে হাজির করা হয়। অপরজন তারেক রহমান মামলার নথিদৃষ্টে পলাতক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ মে তারেককে দেশে ফিরিয়ে আনতে ইংরেজিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
২০১১ সালের ৬ জুলাই দুদক এ মামলায় অভিযোগপত্র দেয়। একই বছরের ৮ আগস্ট তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ওই বছরের ১১ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় দুদকের করা এ মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কার্যাদেশ পাইয়ে দেওয়ার কথা বলে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। মামুন ওই অর্থ সিঙ্গাপুরের একটি ব্যাংকে তাঁর হিসাবে জমা করেন। এই টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন।