তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় তদন্ত কর্মকর্তা হারুন-অর-রশিদকে জেরা অব্যাহত আছে। ২১ জানুয়ারি পরবর্তী জেরার জন্য দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষে সাক্ষ্য শেষ হয়েছে। আসামিপক্ষের জেরা চলছে। আসামিপক্ষে জেরা শেষ হলে নিয়মানুযায়ী আদালত যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করতে পারেন।
গতকাল খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে যাননি। তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ এ মামলায় ৩২ জন সাক্ষী উপস্থাপন করে। ৩১ জনের সাক্ষ্য জেরা শেষ হয়েছে। তদন্ত কর্মকর্তার জেরা অব্যাহত আছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক।
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে একই তারিখে শুনানির দিন ধার্য করেন।