তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিদর্শক হারুন-অর-রশিদকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে জেরা অব্যাহত আছে। গতকাল বৃহস্পতিবার জেরা শেষ না হওয়ায় আদালত আগামী ৪ ফেব্রুয়ারি বাকি জেরার জন্য দিন ধার্য করেছেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন। গতকাল এ মামলায় সাক্ষীকে জেরার দিন ধার্য ছিল। গতকাল খালেদা জিয়া আদালতে হাজির হননি। গতকালও অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়ে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।
এর আগে ৭ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা হারুন-অর-রশিদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ মামলার অন্য আসামিপক্ষে জেরা শেষ হয়েছে। ১৪ জানুয়ারি খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা জেরা শুরু করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। এ মামলার অন্য আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।