তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত রেখেছেন আসামির কৌঁসুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক মামলার আসামি হাফিজুর রহমানের আইনজীবী তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরীকে জেরা অব্যাহত রেখেছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে তাঁকে জেরা করা হয়। এ নিয়ে কেবল এক আসামির কৌঁসুলি টানা চার কার্যদিবসে তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত রাখেন। গতকাল বিকেলে জেরা অসম্পন্ন রেখে আদালতের কার্যক্রম ২৮ মে পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। আসামি হাফিজের আইনজীবী মাহমুদুর রহমানের জেরার জবাবে তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী আদালতে বলেন, চাঞ্চল্যকর এই মামলা তদন্তের কাজে তিনি দুবার চিটাগাং ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে গেছেন। এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুকের নেতৃত্বে করা পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন আগের তদন্ত কর্মকর্তা সংরক্ষণ করেননি। মনিরুজ্জামান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর ওই প্রতিবেদন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। জেরার জবাবে মনিরুজ্জামান আরও বলেন, ১৩৩ জন সাক্ষীর মধ্যে সিইউএফএলের দুজন কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হয়েছে। তাঁরা হলেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক (প্রশাসন)। তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরীকে গতকাল দুই দফায় প্রায় পৌনে তিন ঘণ্টা জেরা করা হয়। বিকেল পৌনে পাঁচটায় জেরা অসমাপ্ত রেখে ২৮ মে পর্যন্ত এই মামলার কার্যক্রম মুলতবির ঘোষণা দেন আদালত। প্রসঙ্গত, ২০০৪ সালের  ১ এপ্রিল রাতে সিইউএফএলের জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয়। বিএনপির আমলে চাঞ্চল্যকর এই মামলার তদন্ত অসম্পূর্ণ থাকায় আবার তার অধিকতর তদন্ত শুরু করে সিআইডি। পরে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ প্রভাবশালী আরও ১০ জনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী।