নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলকে গতকাল বৃহস্পতিবার ২০ আসামির আইনজীবীরা জেরা করেছেন। এ নিয়ে তদন্ত কর্মকর্তাকে পাঁচ কর্মদিবসে ২৫ জন আসামির আইনজীবীরা জেরা করলেন। আদালত ১০ অক্টোবর জেরার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
এদিকে মামলার সরকারি কৌঁসুলি অল্প কয়েকটি কার্যদিবসের মধ্যে মামলার বিচার কার্যক্রম শেষ করতে পারবেন বলে সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেছেন।
গতকাল সকাল সাড়ে নয়টা থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে জেরা অনুষ্ঠিত হয়। সকালে কঠোর নিরাপত্তার মধ্যে মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম এম রানাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল অষ্টম দিনের মতো আদালতে হাজির হন। এর মধ্যে প্রথম তিন দিন তিনি আদালতে সাক্ষ্য দিয়েছেন। পাঁচ দিন যাবৎ আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করছেন।
মামলার আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) বজলুর রহমান ও সৈনিক আসাদুজ্জামান নূরের আইনজীবী মোস্তাফিজুর রহমান জেরার একপর্যায়ে তদন্তকারী কর্মকর্তাকে প্রশ্ন করেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং বিরোধী দলের আন্দোলন দমনে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ কারণে আপনি (তদন্তকারী কর্মকর্তা) র্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য আদালতে এই তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। জবাবে তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘ইহা সঠিক নয়।’
শুনানি শেষে মামলার সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন সাংবাদিকদের বলেন, ‘মোট ২৫ আসামির আইনজীবীরা তাঁদের জেরা শেষ করেছেন। আশা করছি ১০ অক্টোবর অপর ১০ আসামির আইনজীবীদেরও জেরা শেষ হয়ে যাবে।’
ওয়াজেদ আলী বলেন, অনেক দ্রুত সময়ে ১২৭ জন সাক্ষীর মধ্যে ১০৬ জনের সাক্ষ্য শেষ হয়েছে। তদন্তকারী কর্মকর্তাকে আসামিপক্ষের জেরাও শেষ পর্যায়ে। এরপর রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করবে। কয়েকটি কার্যদিবসের মধ্যেই এই যুক্তিতর্ক শেষ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন সরকারি কৌঁসুলি।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল ছয়জনের এবং পরদিন একজনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। নজরুল ও তাঁর চার সঙ্গীকে হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম একটি এবং আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় তাঁর জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা থানায় আরেকটি মামলা করেন। মামলায় ৩৫ জনের বিরুদ্ধে গত বছরের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করেন। ৩৫ আসামির মধ্যে র্যাবের আট সদস্যসহ ১২ জন পলাতক রয়েছেন।