বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা আলতাফুর রহমানকে জেরা অব্যাহত রেখেছে আসামিপক্ষ। তিনি এ মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল রোববার আলতাফুর রহমানকে তৃতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
জেরায় আহসানুল হকের এক প্রশ্নের জবাবে আলতাফুর রহমান বলেন, তিনি শাওনলাল বাজলার ছেলে কৃষ্ণকুমার বাজলাকে জিজ্ঞাসাবাদ করেছেন ও তাঁর জবানবন্দি নিয়েছেন।
আইনজীবী মত (সাজেশন) দেন, একাত্তরে শাওনলাল বাজলার গদিঘরে শান্তি কমিটির কার্যালয়, রাজাকার বা পাকিস্তানি সেনাদের ক্যাম্প কিংবা কোনো প্রশিক্ষণকেন্দ্র ছিল না। জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটি সত্য নয়।
আসামিপক্ষের আইনজীবী গতকাল তদন্ত কর্মকর্তাকে জয়পুরহাট শহরের বিভিন্ন স্থানের অবস্থান, মুসলিম লীগ ও শান্তি কমিটি-সংক্রান্ত প্রশ্ন করেন।
তদন্ত কর্মকর্তাকে জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।