তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তাকে চতুর্থ দিনের মতো গতকাল সোমবার জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। সকাল সাড়ে নয়টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই জেরা করা হয়।
আদালত পরবর্তী জেরার জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।
এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক প্রধান আসামি নূর হোসেন, র্যা বের চাকরিচ্যুত তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম এম রানাসহ ২৩ আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলকে গতকাল আসামি নূর হোসেনের পক্ষে অসমাপ্ত জেরা শেষ করেন তাঁর আইনজীবী খোকন সাহা। এরপর অপর আসামি র্যা বের উপপরিদর্শক (এসআই) পূর্ণেন্দু বালার পক্ষে আইনজীবী আহসানউল্লাহ তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন। জেরার সময় রাষ্ট্রপক্ষে থাকা সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী খোকন, বাদীপক্ষে সাখাওয়াত হোসেন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কাঠগড়ার গরাদের আকার বেড়েছে: তিন মাস ধরে অসুস্থতার কারণ দেখিয়ে নূর হোসেন আদালতের অনুমতি নিয়ে কাঠগড়ায় লোহার গরাদের বাইরে বসছিলেন। বিষয়টি প্রথম আলো গত ১৯ ও ২০ সেপ্টেম্বর দুটি প্রতিবেদনে উল্লেখ করে। এরপর ২৪ সেপ্টেম্বর আদালত নূর হোসেনকে গরাদের বাইরে বসানোর জন্য তাঁর আইনজীবীর আবেদন নাকচ করে দেন। ওই দিনই নামাজ ও মধ্যাহ্নের খাবার বিরতির সময় এজলাসকক্ষে গরাদের ভেতরে বিরিয়ানির প্যাকেট নিয়ে নূর হোসেনের সঙ্গে এক আসামির হাতাহাতি হয়। এ ঘটনার আট দিনের মাথায় কাঠগড়ার গরাদের আকার বাড়ানো হয়েছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম বলেন, জেলা ও দায়রা জজ আদালতে গুরুত্বপূর্ণ অনেক মামলা বিচারাধীন আছে। অনেক মামলায় আসামির সংখ্যা বেশি। এ ছাড়া গরমের কারণে কাঠগড়ার খাঁচা বড় করা হয়েছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল ছয়জনের ও পরদিন একজনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। নজরুল ও তাঁর চার সঙ্গীকে হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম একটি এবং আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় তাঁর জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা থানায় আরেকটি মামলা করেন। মামলায় ৩৫ জনের বিরুদ্ধে গত বছরের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করেন। ৩৫ আসামির মধ্যে র্যা বের আট সদস্যসহ ১২ আসামি পলাতক রয়েছেন। ১২৭ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১০৭ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। তদন্ত কর্মকর্তা ১০৮ নম্বর সাক্ষী।