বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলামকে গতকাল বুধবার তৃতীয় দিনের মতো জেরা করেছে আসামিপক্ষ। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক।সাকা চৌধুরী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। আসামিপক্ষের আইনজীবীর কয়েকটি প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, রাজাকার অধ্যাদেশ জারি হয়েছিল একাত্তরের ২ আগস্ট। সরকারি কোষাগার থেকে রাজাকারদের বেতন দেওয়া হতো এবং তারা পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী ছিল। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরে চট্টগ্রামের সেনা ও রাজাকার ক্যাম্পগুলো ডিটেনশন কেন্দ্র হিসেবে ব্যবহূত হতো। চট্টগ্রামে শুধু চারটি ডিটেনশন কেন্দ্র ছিল, আইনজীবীর এ বক্তব্যে তদন্ত কর্মকর্তা বলেন, এটি সত্য নয়।গতকাল রাষ্ট্রপক্ষের দাখিল করা বিভিন্ন প্রদর্শনী নিয়ে তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আহসানুল হক। প্রদর্শনী-১০-এর শিরোনাম কী, এ প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, বোমার আঘাতে ফজলুল কাদেরের ছেলে আহত, গুলিতে ড্রাইভার নিহত। ওই সংবাদের সূত্র উল্লেখ করা আছে। পরের কয়েকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, পিপিআই (পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল) একটি সংবাদ সংস্থা, তবে পিপিআইতে কী হয়, তা জানা নেই। প্রতিবেদনের প্রথম লাইনটি অস্পষ্ট, এটি একাত্তরের ২৯ সেপ্টেম্বর প্রকাশিত হয়। এই প্রতিবেদনে সাকা চৌধুরীর নাম নেই, তবে ফজলুল কাদের চৌধুরীর ছেলে বলা আছে।আহসানুল হক মত (সাজেশন) দেন, তদন্ত কর্মকর্তার জব্দ করা সব আলামত বানোয়াট। নুরুল ইসলাম বলেন, এটা সত্য নয়। একাত্তরে সাকা চৌধুরীর পেশা কী ছিল, আইনজীবীর এ প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরের ২৬ মার্চের আগ পর্যন্ত তিনি ছাত্র ছিলেন। ২৬ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর গ্রেনেড হামলার শিকার হওয়ার আগ পর্যন্ত তিনি গুডস হিলে (সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি) থেকে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।আজ বৃহস্পতিবার নুরুল ইসলামকে আবার জেরা করবে আসামিপক্ষ।নিজামীর বিরুদ্ধে মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৯ জুন: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী মো. তফাজ্জল হোসেনকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। ৯ জুন এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।