বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো জেরা করেছে আসামিপক্ষ।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল তদন্ত কর্মকর্তাকে জেরা করেন সাকা চৌধুরীর আইনজীবী আহসানুল হক। এ সময় সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।সাকা চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা কী, এ নিয়ে তদন্ত করেছেন? আইনজীবীর এ প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, তিনি (সাকা চৌধুরী) একাত্তরের ২৬ মার্চের আগে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তিনি স্নাতক শ্রেণীতে লেখাপড়া শেষ করেননি। আহসানুল হক মত (সাজেশন) দেন, সালাউদ্দিন কাদের ১৯৬৮ সাল থেকে পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। সেখান থেকে তিনি স্নাতক পাস করেছেন। তদন্ত কর্মকর্তা বলেন, এটা সত্য নয়।এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ বলেন, সালাউদ্দিন কাদেরের নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা লেখা ‘স্বশিক্ষিত’। এ পর্যায়ে সাকা চৌধুরী বলেন, ‘এ বিষয়ে আমার একটু ব্যাখ্যা আছে। নির্বাচন কমিশনের হলফনামায় লেখা ছিল শিক্ষাগত যোগ্যতা ও এর দলিলপত্র। আমার দলিলপত্র সব মইনুদ্দীন-ফখরুদ্দীনরা নিয়ে গেছে। এ জন্য শিক্ষাগত যোগ্যতা লিখেছিলাম “নাই”। নির্বাচন কমিশন এ বিষয়ে জানতে চাইলে এ কথা বলেছিলাম। পরে শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত লেখা হয়।’গতকাল জেরার সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সঙ্গে আহসানুল হকের কয়েকবার বাদানুবাদ হয়। একপর্যায়ে আহসানুল হক রাষ্ট্রপক্ষকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা এমন রুড (রূঢ়) ভাষা ব্যবহার করছেন কেন? ভালো মানুষের ছেলেরা তো এমন করে না।’ এতে আপত্তি জানিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম তাঁকে উদ্দেশ করে বলেন, ‘সংযত ভাষা ব্যবহার করুন।’পরে এই মামলার কার্যক্রম ৯ জুন (রোববার) পর্যন্ত মুলতবি করা হয়। ট্রাইব্যুনাল ওই দিন প্রথম এক ঘণ্টার মধ্যে আসামিপক্ষকে জেরা শেষ করার নির্দেশ দেন।আসামিপক্ষ অনেক অপ্রাসঙ্গিক প্রশ্ন করছে—রাষ্ট্রপক্ষের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আহসানুল হক বলেন, ‘আমি তো জবানবন্দির বাইরে যাইনি।’ ট্রাইব্যুনাল বলেন, ‘কী বলছেন আপনি, অনেক বাইরে গেছেন।’ইউসুফের বিরুদ্ধে অভিযোগের শুনানি ১৬ জুন: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৬ জুন পর্যন্ত মুলতবি করেছেন। গতকাল এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম মুলতবি করেন।