তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে প্রশ্ন অপ্রাসঙ্গিক বললেন পিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরীকে গতকাল বৃহস্পতিবারও জেরা করা হয়েছে।
তবে জেরায় আসামি লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কোনো প্রশ্ন করেননি আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। বিষয়টি নিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দিন আহাম্মদ আপত্তি জানান।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ ও মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়। জেরা অসমাপ্ত রেখেই বিচারক ১৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
এর আগে গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ এএসপি মনিরুজ্জামানকে প্রায় আড়াই ঘণ্টা জেরা করেন আসামি বাবরের আইনজীবী আবদুস সোবহান। গতকাল দুপুর থেকে বাবরের আইনজীবী আবার জেরা করা শুরু করেন। আদালতে পিপি কামাল উদ্দিন বলেন, ‘বাবরকে নিয়ে কোনো প্রশ্ন নেই। তদন্ত কর্মকর্তা কি পরীক্ষা দিচ্ছেন? বুধবারও তিন ঘণ্টা জেরা করা হলো। মামলার ডায়েরিতে কী আছে—এসব বিষয় জানতে চেয়েছেন। আদালতের কাছে আমার আবেদন, এগুলো প্রাসঙ্গিক জেরা কি না? দুজন জ্যেষ্ঠ আইনজীবী এসে বলুক জেরা প্রাসঙ্গিক, আমি মেনে নেব।’
এ সময় আসামিপক্ষের কয়েকজন আইনজীবী কামাল উদ্দিনের বক্তব্যের বিরোধিতা করেন। বাবরের আইনজীবী আবদুস সোবহান বলেন, ‘জেরা অপ্রাসঙ্গিক হলে আমি নথিভুক্ত করতে বলব না।’ এ সময় আদালত আইনজীবীকে প্রাসঙ্গিক বিষয়ে জেরা করার অনুরোধ জানান।
জেরা শেষে কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, আসামিপক্ষ সময় নষ্ট করছে। মামলার শেষ পর্যায়ে এসে তাঁরা সময়ক্ষেপণ করছে। এর আগে দুপুরে জেরায় বাবরের আইনজীবী প্রশ্ন করেন, এক-এগারোর সরকার সেনা-সমর্থিত সরকার ছিল। এটা জানেন? জবাবে মনিরুজ্জামান আইনজীবীকে বলেন, ‘আপনি অপ্রাসঙ্গিক প্রশ্ন করছেন। আমি উত্তর দিতে বাধ্য নই।’ এরপর আবার আইনজীবী একই প্রশ্ন করলে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছিল জানি, বাকিটা জানি না।’
জেরায় আসামির আইনজীবী তদন্ত কর্মকর্তার কাছে সম্পূরক অভিযোগপত্র, ঘটনাস্থল থেকে জব্দ করা দুটি ট্রলার, এখন পর্যন্ত মোট কতজন সাক্ষ্য দিয়েছেন, পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির কাজের পরিধি, ওই কমিটি গঠনের বিষয়ে সরকারি স্মারক সম্পর্কে জানতে চান।