নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় গতকাল সোমবার তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়েছে। জেরা করেছেন মামলার অন্যতম আসামি র্যা ব-১১-এর সাবেক কর্মকর্তা মেজর (বরখাস্ত) আরিফ হোসেনের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রশিদ ভূঁইয়া।
তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন কর্মকর্তা ও বর্তমানে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মামুনুর রশীদ মণ্ডলকে জেরা করার প্রথম দিন ছিল গতকাল। জেরা শেষ না হওয়ায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন ২৪ সেপ্টেম্বর জেরার জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১টা ৩৪ মিনিট পর্যন্ত চলে এই জেরা। আদালতে মামলার ২৩ জন আসামি উপস্থিত ছিলেন। এর মধ্যে লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (বরখাস্ত) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার (বরখাস্ত) এম এম রানাসহ ২২ জন আদালতে বিচারকের এজলাসের ডান পাশে একটি ছোট লোহার খাঁচার মধ্যে দাঁড়ানো ছিলেন। অন্য আসামি নূর হোসেন খাঁচার বাইরে একটি বেঞ্চে বসা ছিলেন।
জেরার একপর্যায়ে তদন্ত কর্মকর্তাকে আরিফ হোসেনের আইনজীবীর প্রশ্ন ছিল এমন, ‘এই ঘটনার আদ্যোপান্ত মনিটর করেছেন জিয়াউল আহসান, এডিজি (অপস)। তাঁকে এই ঘটনার সাক্ষীও করেন নাই, আসামিও করেন নাই, কেন?’ উত্তরে তদন্ত কর্মকর্তা বলেন, ‘মনিটরিং করেছিলেন কর্নেল জিয়াউল আহসান। প্রয়োজন মনে করিনি।’ এরপর আইনজীবী প্রশ্ন করেন, ‘ঘটনার দিন থেকে বা সময়কাল থেকে এজাহার হওয়ার পূর্ব পর্যন্ত আসামিদের সঙ্গে জিয়াউল আহসানের কথোপকথন বা যোগাযোগ হয়েছে কি না?’ তদন্ত কর্মকর্তা বলেন, ‘আসামি তো অনেকেই। সুনির্দিষ্ট করে বলেন, কার সঙ্গে।’ আইনজীবী তখন বলেন, ‘আপনি আরিফের কথাই বলেন।’ তদন্ত কর্মকর্তা তখন বলেন, ‘ঘটনার পর মোবাইলে কথোপকথন আছে। ব্যক্তিগত কোনো যোগাযোগ হয়েছে কি না, এটা আমার জানা নাই।’ আইনজীবী তখন জিজ্ঞেস করেন ‘আরিফের সঙ্গে জিয়াউল আহসানের যোগাযোগের বিষয় চার্জশিটে আছে কি না।’ তদন্ত কর্মকর্তা বলেন, ‘না।’
জেরা চলাকালে লোহার খাঁচার মধ্যে থাকা আরিফ হোসেনকে বেশ হাসিখুশি দেখা যায়। তিনি কখনো খাঁচায় থাকা সঙ্গীদের সঙ্গে কথা বলছিলেন। কখনো কথা বলছিলেন আইনজীবীদের সঙ্গে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দল কোনো অপারেশনে বের হলে তাদের লিখিত অনুমতি নিতে হয়, যাকে কমান্ড সার্টিফিকেট (সিসি) বলে। ঘটনার দিন র্যা ব-১১-এর কার্যালয় থেকে মেজর আরিফের নেতৃত্বে অপারেশনাল টিম যখন বের হয়, তখন তারা এ রকম কোনো অনুমতি নিয়েছিল কি না বা যে গাড়ি ব্যবহার করা হয়েছে, কার্যালয়ের লগ বইতে তা লেখা ছিল কি না, তদন্ত কর্মকর্তা হিসেবে এই বিষয়গুলো তত্ত্বাবধান করা হয়েছে কি না, জানতে চান আরিফের আইনজীবী। জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনার দিন তারা এমন কোনো অনুমতি নিয়ে বের হয়নি। তা ছাড়া রেজিস্ট্রেশন করা গাড়ি হলেও ঘটনার দিন নম্বর প্লেট খুলে গাড়ি নিয়ে যাওয়া হয়। ফটকের লগ বইয়ে এন্ট্রি করার নিয়ম থাকলেও তা মানা হতো না। তাই সিসির কপি বা লগ বই জব্দ করার প্রয়োজন হয়নি।
আরিফের আইনজীবী তখন দাবি করেন, আরিফ সিসি নিয়ে বের হয়েছিলেন। এ ছাড়া ঘটনাস্থল, গাড়ির রেজিস্ট্রেশন, লাশের সুরতহালসহ অন্যান্য বিষয়ে তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আরিফের আইনজীবী।
জেরার সময় আরিফের আইনজীবী তদন্ত কর্মকর্তাকে সাতবার ‘আরে মিয়া’ ‘ওরে মিয়া’ বলে সম্বোধন করলে বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন ও সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী এর প্রতিবাদ করেন। তাঁরা সাক্ষীকে তদন্ত কর্মকর্তা বলে সম্বোধন করতে বলেন। এ সময় কিছুটা হট্টগোল হয় আদালতে।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। নজরুল ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় তাঁর জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেন। দীর্ঘ প্রায় এক বছর তদন্ত শেষে নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে গত বছরের ৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গত ৮ ফেব্রুয়ারি ২৩ আসামির উপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করেন। র্যা বের ৮ সদস্যসহ পলাতক ১২ আসামির অনুপস্থিতিতেই বিচারকাজ শুরু হয়। দুটি মামলাতেই অভিন্ন সাক্ষী ১২৭ জন। এখন পর্যন্ত ১০৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ১০৮ নম্বর সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল সাক্ষ্য দিচ্ছেন।