২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সর্বশেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দকে আসামিপক্ষের জেরা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে আসামিপক্ষে আংশিক জেরা করা হয়। জেরা শেষ না হওয়ায় আদালত ৭ ও ৮ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।
গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ দিন ধার্য করেন। গত ২৪ সেপ্টেম্বর কাহার আকন্দের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত সোমবার তাঁর সাক্ষ্য দেওয়া শেষ হওয়ার পর আদালত জেরার জন্য দিন ধার্য করেছিলেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত দুটি মামলাতেই রাষ্ট্রপক্ষের তদন্তকারী কর্মকর্তা আবদুল কাহার আকন্দের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর আসামিপক্ষে তাঁকে জেরা শুরু হয়েছে।
ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের সামনে বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২২ জন নেতা-কর্মী নিহত হন। আহত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ দলের কয়েক শ নেতা-কর্মী।