জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে গতকাল রোববার আসামিপক্ষ জেরা শুরু করেছে। তিনি এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৭তম ও শেষ সাক্ষী।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল আবদুর রাজ্জাক খানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন।কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের আইনজীবী মুন্সী আহসান কবির অতিরিক্ত কিছু নথি দাখিলের জন্য আবেদন জানান। ট্রাইব্যুনাল তা খারিজ করে বলেন, মামলার এই পর্যায়ে নতুন করে কোনো নথি নেওয়া হবে না। পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান তদন্ত কর্মকর্তাকে দেওয়া রাষ্ট্রপক্ষের সাক্ষী দলিলউদ্দিন শেখের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন জানান। তিনি বলেন, মানসিক ভারসাম্যহীন অবস্থায় থাকা দলিলউদ্দিন শেখকে এই পর্যায়ে ট্রাইব্যুনালে হাজির করে সাক্ষ্য নেওয়া সম্ভব নয়। ট্রাইব্যুনাল এ আবেদনও খারিজ করেন।পরে আবদুর রাজ্জাক খানকে জেরা শুরু করেন সৈয়দ মিজানুর রহমান। জেরায় কয়েকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মামলার এজাহার দণ্ডবিধির আওতায় দাখিল করা হয়েছিল। ২০০৮ সালের ২৫ জানুয়ারি পল্লবী থানায় করা আমির হোসেন মোল্লার এই এজাহারে থাকা চার আসামি হলেন: জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, মুজাহিদ এবং দুই সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। প্রথমে মামলাটি পল্লবী থানার পুলিশ এবং পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে। মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গঠনের পর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত মামলাটির নথিপত্র ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠান। সেখান থেকে সেটি তদন্ত সংস্থায় গেলে তাঁকে দাপ্তরিক আদেশের মাধ্যমে অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়।আসামিপক্ষের আইনজীবী প্রশ্ন করেন, পল্লবী থানার মামলাটিতে কয়জন সাক্ষী ছিলেন? তদন্ত কর্মকর্তা বলেন, বাদীসহ ১৫ জন। পরের প্রশ্নের জবাবে তিনি বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ তদন্তের স্বার্থে তিনি ওই ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন, মুজাহিদের মামলার ক্ষেত্রে করেননি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পল্লবী থানার মামলায় মুজাহিদও আসামি ছিলেন, কিন্তু তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। তবে মুজাহিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারায় অপরাধের উপাদান থাকায় তিনি আলাদা তদন্ত করেন।জেরার একপর্যায়ে তদন্ত কর্মকর্তা অসুস্থ হয়ে পড়লে ট্রাইব্যুনাল জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ৯ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন।