তদন্ত কর্মকর্তাকে জেরা ২ অক্টোবর পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে আসামিপক্ষের জেরা ২ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল সোমবার আবদুর রাজ্জাক খানকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। নিজামী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
এই মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা গত ২৫ সেপ্টেম্বর জবানবন্দি দেওয়া শুরু করেন।
ব্যাখ্যা দিতে সময় পেল এইচআরডব্লিউ: নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ৪ নভেম্বর পর্যন্ত সময় পেয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান ট্রাইব্যুনাল-১-এ উপস্থিত হয়ে বলেন, এইচআরডব্লিউর পক্ষে আইনি লড়াইয়ের জন্য তাঁকে মনোনীত করা হলেও তিনি এখনো আনুষ্ঠানিক নথি পাননি। এ জন্য তিনি সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল ৪ নভেম্বর পর্যন্ত কার্যক্রম মুলতবি করেন।
২ সেপ্টেম্বর এই ট্রাইব্যুনাল এইচআরডব্লিউর পরিচালনা পর্ষদ, এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক ব্র্যাড এডামস ও সহযোগী স্টর্ম টিভকে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেন। ১৬ আগস্ট এক বিবৃতিতে এইচআরডব্লিউ দাবি করেছিল, গোলাম আযমের বিরুদ্ধে বিচার-প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ও এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি। এতে রাষ্ট্রপক্ষ এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে।